ঢাকা   বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

হাসপাতালে মেঘদলের গিটারিস্ট, বকেয়া পারিশ্রমিক ৫০ লাখ টাকার বেশি

বিনোদন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:৫১, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

হাসপাতালে মেঘদলের গিটারিস্ট, বকেয়া পারিশ্রমিক ৫০ লাখ টাকার বেশি

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’-এর গিটারিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার রাশিদ শরীফ শোয়েব। ডেঙ্গুসহ বিভিন্ন শারীরিক জটিলতায় চিকিৎসাধীন এই সংগীতশিল্পী জানিয়েছেন, দীর্ঘদিনের বকেয়া পারিশ্রমিক না পাওয়ায় বর্তমানে আর্থিক সংকটেও পড়েছেন তিনি। চিকিৎসার খরচ চালাতে মায়ের জমানো সঞ্চয়পত্র ভাঙতে হয়েছে বলেও জানিয়েছেন শোয়েব।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে শারীরিক অবস্থার কথা জানিয়ে শোয়েব বলেন, টানা সাত দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ডেঙ্গুর পাশাপাশি ডায়াবেটিসের সমস্যাও রয়েছে তার। নিজের অবস্থা জানাতে গিয়ে তিনি লেখেন, ‘অবস্থা ভয়ানক। জানি না কবে বাসায় যেতে পারব। দোয়া রাইখেন।’

অসুস্থতার মধ্যেই দীর্ঘদিনের বকেয়া পারিশ্রমিকের বিষয়টি সামনে এনেছেন এই গিটারিস্ট। তার দাবি, ২০১১ সালে নিকেতনে মিউজিশিয়ান ও সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করার পর থেকে নিয়মিত ও আন্তরিকতার সঙ্গে কাজ করে গেছেন। সময়ের সঙ্গে তার কাজের পরিধিও বেড়েছে।

তবে শোয়েবের দাবি, পারিশ্রমিক সময়মতো বুঝে নেওয়ার ক্ষেত্রে তার অনীহা ও সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে তার পাওনা অর্থ জমতে থাকে।

তার হিসাব অনুযায়ী, ২০১২ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিজ্ঞাপনচিত্র, টিভিসি, ওভিসি, ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে সাউন্ড এবং সংগীতের কাজ বাবদ তার পাওনা অর্থের পরিমাণ ৫০ লাখ টাকার কম নয়।

বর্তমান আর্থিক পরিস্থিতি তুলে ধরে শিল্পীদের পেশাগত নিরাপত্তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন শোয়েব। তিনি জানান, কিছুদিন আগে নিজের স্টুডিও আপগ্রেডের জন্য অর্থ ব্যয় করলেও এখন চিকিৎসার খরচ মেটাতে হচ্ছে মায়ের সঞ্চয় ভেঙে।

বকেয়া পারিশ্রমিক পরিশোধের জন্য সংশ্লিষ্টদের অক্টোবরের শুরু পর্যন্ত সময় দিয়েছেন তিনি। তবে আপাতত কোনো পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেননি। শোয়েব জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্টরা তাদের বকেয়া পরিশোধ করবেন—এটাই তার প্রত্যাশা।

একই সঙ্গে সময়ের মধ্যে পাওনা পরিশোধ না হলে পরবর্তী সময়ে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে তার পোস্টে যেসব প্রতিষ্ঠানের কাছে অর্থ পাওনা রয়েছে বলে দাবি করা হয়েছে, তাদের বক্তব্য পাওয়া যায়নি।

রাশিদ শরীফ শোয়েব দীর্ঘদিন ধরে সংগীতের পাশাপাশি সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। ‘হাওয়া’, ‘স্বপ্নজাল’ ও ‘রইদ’-এর মতো আলোচিত চলচ্চিত্রের সাউন্ড ও সংগীতের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

সর্বশেষ