ভারতের বিপক্ষে ম্যাচটিকে কেবল প্রস্তুতি হিসেবে দেখছে না ব্রাজিল। আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের মুখোমুখি হওয়ার আগে এমনটাই জানিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তার স্পষ্ট বক্তব্য, ম্যাচটি প্রীতি হলেও ব্রাজিলের কাছে কোনো খেলাই শুধুই ‘প্রীতি ম্যাচ’ নয়।
ফিফা র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকা ব্রাজিলের বিপক্ষে ১৩৮ নম্বরে থাকা ভারতের ম্যাচটি কাগজে-কলমে একতরফা হওয়ার সম্ভাবনাই বেশি। তবে প্রতিপক্ষের র্যাঙ্কিং বা ম্যাচের ধরন নিয়ে ভাবছেন না আনচেলত্তি। বরং ভারতের খেলার ধরন বোঝা এবং দলের প্রস্তুতির অংশ হিসেবেই ম্যাচটিকে দেখছেন তিনি।
‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে ৬৭ বছর বয়সী এই ইতালিয়ান কোচ বলেন, বিশ্বের প্রায় সব জায়গাতেই ব্রাজিলের বিশাল সমর্থকগোষ্ঠী রয়েছে। ভারতের ফুটবলপ্রেমীদের সামনে খেলাটাকেও তাই বিশেষ অভিজ্ঞতা হিসেবে দেখছেন তিনি।
আনচেলত্তির ভাষায়, বিশ্বের প্রতিটি প্রান্তেই ব্রাজিলের সমর্থক আছে। ভারতে খেলাটা তাদের জন্য আনন্দের এবং এটি শুধু সেখানে থাকা ব্রাজিল সমর্থকদের জন্য নয়, ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্যও বিশেষ একটি মুহূর্ত।
ভারতের বিপক্ষে ম্যাচটি আন্তর্জাতিক সূচিতে প্রীতি ম্যাচ হিসেবেই বিবেচিত হবে। তবে আনচেলত্তি বলছেন, ব্রাজিলের মতো দলের জন্য এ ধরনের ম্যাচেও প্রতিদ্বন্দ্বিতার গুরুত্ব কমে না।
তিনি বলেন, এটি প্রস্তুতির ম্যাচ হলেও তাদের কাছে ‘প্রীতি ম্যাচ’ বলে আলাদা কিছু নেই।
কলকাতায় ব্রাজিলের ম্যাচ ঘিরে যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে, সেটিও আনচেলত্তির নজরে এসেছে। ভারত বিশ্বকাপের মূল পর্বে এখনো খেলতে না পারলেও দেশটির ফুটবল সংস্কৃতি ও সমর্থকদের আবেগকে গুরুত্ব দিচ্ছেন তিনি।
ভারত সফরকে শুধু একটি ম্যাচের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না আনচেলত্তি। বিভিন্ন দেশের ফুটবল সংস্কৃতি কাছ থেকে দেখা এবং ভিন্ন ধরনের প্রতিপক্ষের বিপক্ষে খেলার অভিজ্ঞতাকে দলের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি।
ভারতের ফুটবল সম্পর্কে জানতে চান বলেও জানান আনচেলত্তি। তার মতে, বিশ্বমানের প্রতিপক্ষের বিপক্ষে খেলার অভিজ্ঞতা ভারতের খুব বেশি না থাকলেও দলটি কীভাবে খেলে, সেটি জানা ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ভারতে এটাই তার প্রথম সফর হওয়ায় কলকাতায় যাওয়ার বিষয়টি নিয়ে তিনি রোমাঞ্চিত।
ভারতে ব্রাজিলের ফুটবলারদের নিয়ে দর্শকদের আগ্রহ অবশ্য নতুন নয়। ১৯৭৭ সালে নিউইয়র্ক কসমসের হয়ে কলকাতায় খেলেছিলেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। পরে ২০১৫ সালেও কলকাতায় এসেছিলেন তিনি। তবে ব্রাজিলের পূর্ণাঙ্গ জাতীয় দলের ভারত সফর এবারই প্রথম।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে অস্ট্রেলিয়ায় দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আনচেলত্তির দল। সেখান থেকেই সরাসরি কলকাতায় পৌঁছানোর কথা পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের।
























