ঢাকা   রোববার ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

মা হওয়ার পর ক্যাটরিনাকে নিয়ে কটাক্ষ, ট্রলিংয়ের জবাব দিলেন সালমান

বিনোদন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬:৪৭, ২০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৬:৫০, ২০ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

মা হওয়ার পর ক্যাটরিনাকে নিয়ে কটাক্ষ, ট্রলিংয়ের জবাব দিলেন সালমান

সন্তান জন্মের পর নারীদের শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেতা সালমান খান। ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে অনলাইন ট্রলিং নিয়ে কথা বলতে গিয়ে তিনি প্রশ্ন তোলেন, মা হওয়ার পর কোনো নারীর ওজন বা চেহারায় পরিবর্তন এলে তাঁকে নিয়ে বিদ্রূপ করার কারণ কী?

সালমানের বক্তব্যের পর তাঁর কথার সঙ্গে সম্প্রতি অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মন্তব্যের যোগসূত্র খুঁজছেন অনেকে। সম্প্রতি মুম্বাইয়ের গণেশ উৎসবের একটি অনুষ্ঠানে ক্যাটরিনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর তাঁর চেহারা ও ওজন নিয়ে নানা মন্তব্য করেন নেটিজেনদের একাংশ। কিছুদিন আগেই মা হওয়া এই অভিনেত্রীর সন্তান জন্মের পর শারীরিক পরিবর্তন নিয়েও শুরু হয় আলোচনা।

কাউকে নির্দিষ্ট করে উল্লেখ না করেই সালমান বলেন, সন্তান জন্মের পর একজন নারীর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক। তাঁর ভাষায়, অন্তঃসত্ত্বা অবস্থায় ওজন বাড়তে পারে এবং পরে কাজে ফিরলে আবার আগের ফিটনেসে ফিরতে পারেন। তাঁর মতে, পরিবারকে সময় দেওয়ার সিদ্ধান্তকেও সম্মান করা উচিত।

অনলাইন ট্রলিংয়ের সংস্কৃতি নিয়েও সরাসরি প্রশ্ন তোলেন সালমান। সম্প্রতি এক প্রতিযোগীকে নিয়ে ইউটিউবার স্কাউটওপির মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কারও চেহারা, ওজন, পরিবার, ক্যারিয়ার কিংবা ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা নিয়ে বিদ্রূপ করে অর্থ উপার্জন করা হলে সেটি সংশ্লিষ্ট ব্যক্তির মানসিকতা ও পারিবারিক শিক্ষার বিষয়টিও প্রকাশ করে।

সালমানের বক্তব্য, কাউকে ছোট করে অর্থ উপার্জনের আগে মানুষের ভেবে দেখা উচিত—এই আচরণ তাঁর নিজের সম্পর্কে কী বার্তা দিচ্ছে।

শুধু অন্য তারকাদের নয়, নিজের বয়স ও চেহারা নিয়েও কথা বলেন সালমান। ৬০ বছর বয়সে এসে আগের সিনেমার মতো তরুণ চেহারা ধরে রাখার প্রত্যাশাকে স্বাভাবিক মনে করেন না তিনি। অভিনেতার ভাষায়, বয়স বাড়ার সঙ্গে চেহারায় পরিবর্তন আসবেই; সব সময় ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার সময়কার মতো থাকা সম্ভব নয়।

চেহারা নিয়ে মানুষের অতিরিক্ত আগ্রহ নিয়েও প্রশ্ন তোলেন সালমান। নিজের চেহারা নিয়ে যাঁরা সন্তুষ্ট নন, তাঁরা কেন অন্যের চেহারা বা ওজন নিয়ে মন্তব্য করতে এতটা আগ্রহী—তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি।

পর্বের একপর্যায়ে নিজের বক্তব্য আরও দৃশ্যমানভাবে তুলে ধরেন সালমান। টুপি ও টি-শার্ট খুলে মেকআপ আর্টিস্ট রাজুকে ডাকেন তিনি। এরপর নিজের মেকআপও মুছে ফেলেন। বয়স ও সময়ের সঙ্গে মানুষের চেহারায় পরিবর্তন আসা স্বাভাবিক—নিজের চেহারা দেখিয়েই যেন সেই বার্তাই দেন অভিনেতা।

এনডিটিভি অবলম্বনে

সর্বশেষ