জামালপুরের সরিষাবাড়ীতে ছয়জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির পুনর্বাসন ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ছাগল ও বিভিন্ন মনিহারি সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে সরিষাবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা। এ সময় ছয়জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির হাতে পুনর্বাসনের অংশ হিসেবে ছাগল ও বিভিন্ন মনিহারি সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মদন গোপাল পাল, ফিল্ড সুপারভাইজার মোজাম্মেল হক, একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ এবং সরিষাবাড়ী শিল্পকলা একাডেমি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধীসহ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পুনর্বাসন ও স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি সহায়তার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।
























