জামালপুরের সরিষাবাড়ীতে পৃথক দুটি স্থান থেকে লাল টেপে মোড়ানো ও বৈদ্যুতিক তার সংযুক্ত বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে পুলিশ জানিয়েছে, উদ্ধার করা বস্তু দুটি বিস্ফোরক নয়; আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সেগুলো রাখা হয়েছিল।
শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ (পুরাতন ঘাট) বাজারের পানপট্টি এলাকা এবং পার্শ্ববর্তী রেলওয়ে স্টেশনের সামনের ময়লার ভাগাড় থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জগন্নাথগঞ্জ ঘাট বাজারের পানপট্টি এলাকায় লাল টেপে মোড়ানো ও বৈদ্যুতিক তার সংযুক্ত একটি বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাঁরা পুলিশকে খবর দেন। এর কিছুক্ষণ পর পার্শ্ববর্তী জগন্নাথগঞ্জ রেলওয়ে স্টেশনের সামনের ময়লার ভাগাড়ে একই ধরনের আরও একটি বস্তু দেখতে পান স্থানীয়রা।
একই এলাকায় পৃথক দুটি স্থানে বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
উদ্ধার করা বস্তু দুটি লাল টেপ দিয়ে মোড়ানো ছিল। এগুলোর দুই পাশে তিনটি করে লাল ও কালো বৈদ্যুতিক তার লাগানো ছিল। বস্তু দুটির ওপরে সাদা কাগজে হাতে লেখা ছিল—‘সাবধান, বিপজ্জনক, দূরে থাকুন’। এ ছাড়া প্রথম বস্তুটির পাশে নারকেলের ছোবড়া ও একটি পরিত্যক্ত প্লাস্টিকের প্যাকেট পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তার স্বার্থে এলাকা নিয়ন্ত্রণে নেয়। পরে বোমাসদৃশ বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়। এতে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়া আতঙ্ক অনেকটাই কেটে যায়।
এ বিষয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, উদ্ধার করা বস্তু দুটি বিস্ফোরক নয়। মূলত আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এগুলো সেখানে রাখা হয়েছিল। এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি নিষ্ক্রিয় করেছে।
তিনি আরও বলেন, কারা এবং কী উদ্দেশ্যে এসব বস্তু সেখানে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে স্থানীয়দের আতঙ্কিত না হয়ে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
কারা এসব বস্তু রেখেছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা জানতে পুলিশের অনুসন্ধান চলছে।
























