ঢাকা   রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রাহায়ণ ১৪৩৩

মোরগ পোলাও খাইয়ে নিরাপত্তাকর্মীদের অচেতন, ধানমন্ডিতে ২ হাজার ভরি সোনা লুট!

গ্রামবাংলা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:০৭, ২৮ নভেম্বর ২০২৬

মোরগ পোলাও খাইয়ে নিরাপত্তাকর্মীদের অচেতন, ধানমন্ডিতে ২ হাজার ভরি সোনা লুট!

রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করার পর একটি জুয়েলার্সের দোকান থেকে প্রায় ২ হাজার ভরি স্বর্ণালংকার ও ১০ থেকে ১২ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র‍্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিরাপত্তাকর্মীদের কয়েকজনের সম্পৃক্ততা সন্দেহ করছে পুলিশ। ইতোমধ্যে চারজনকে আটক করা হয়েছে।

রাজধানীর ধানমন্ডির আনাম র‍্যাংকস প্লাজায় অবস্থিত পূরবী জুয়েলার্সে এই চুরির ঘটনা ঘটে। দোকানটির বিক্রেতা জোবায়ের আহমেদ জানান, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দুর্বৃত্তরা দোকানে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষের দাবি, দোকান থেকে আনুমানিক ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। এ ছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, নিরাপত্তাকর্মীদের অচেতন করে তাঁদেরই কয়েকজন এই চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। অন্য চারজন নিরাপত্তাকর্মীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল জানান, ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের মধ্যে জুয়েলার্সের নিজস্ব একজন এবং শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী রয়েছেন।

তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিং মলে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি দেখা গেছে। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে দুর্বৃত্তদের দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করতে দেখা গেছে বলে দাবি করেন তিনি।

শনিবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধানমন্ডি থানা-পুলিশ শপিং মলটি ঘিরে রেখেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।