ঢাকা   বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

মাদারীপুর হাসপাতালে লিফটে আটকা ১০ দর্শনার্থী, দুই ঘণ্টা পর উদ্ধার

গ্রামবাংলা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:৪০, ১৬ জুন ২০২৬

সর্বশেষ

মাদারীপুর হাসপাতালে লিফটে আটকা ১০ দর্শনার্থী, দুই ঘণ্টা পর উদ্ধার

মাদারীপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে লিফটে আটকে পড়া নারীসহ ১০ দর্শনার্থীকে প্রায় দুই ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার বেলা দুইটার দিকে তাঁদের নিরাপদে উদ্ধার করা হয়।

ভুক্তভোগী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে হাসপাতালের পাঁচতলা থেকে নিচে নামার জন্য কয়েকজন দর্শনার্থী লিফটে ওঠেন। হঠাৎ লিফটের দরজা বন্ধ হয়ে গেলে তারা ভেতরে আটকা পড়েন। অনেক চেষ্টা করেও দরজা খুলতে না পারায় লিফটের ভেতরে থাকা নারীসহ ১০ জন আতঙ্কিত হয়ে পড়েন।

প্রচণ্ড গরম ও বাতাস চলাচলের সীমিত সুযোগের কারণে আটকে পড়া ব্যক্তিরা চিৎকার করে সাহায্য চাইতে থাকেন। পরে বিষয়টি জানতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ মাদারীপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর বেলা দুইটার দিকে লিফটের ভেতরে আটকে থাকা ১০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অখিল সরকার বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। তাদের দ্রুত পদক্ষেপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আটকে পড়া সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, বড় ধরনের দুর্ঘটনার আগেই সবাইকে উদ্ধার করা হয়েছে। আটকে পড়া ব্যক্তিদের কেউ আহত হননি এবং সবাই সুস্থ আছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিফটের কারিগরি ত্রুটির কারণেই এ ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বশেষ