পরিশোধিত মূলধন বাড়াতে ৬৪ দশমিক ১২ শতাংশ অন্তর্বর্তী বোনাস লভ্যাংশ দিতে চেয়েছিল প্রাইম ব্যাংক। তবে বিদ্যমান আইনে অন্তর্বর্তী বোনাস শেয়ার ঘোষণার সুযোগ না থাকায় ব্যাংকটির প্রস্তাব নাকচ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এ ছাড়া বিশেষ ছাড় দিলে অন্য কোম্পানিগুলোর জন্য একই সুবিধা চাওয়ার সুযোগ তৈরি হবে এবং বছর শেষে পর্যাপ্ত মুনাফা না থাকলে বিনিয়োগকারীরা ঝুঁকিতে পড়তে পারেন বলে মনে করছে কমিশন। এ কারণে ব্যাংকটিকে বছরশেষের নিরীক্ষিত আর্থিক বিবরণীর ভিত্তিতে বোনাস লভ্যাংশ ঘোষণার পরামর্শ দিয়েছে বিএসইসি।
প্রাইম ব্যাংকের বর্তমান পরিশোধিত মূলধন ১ হাজার ২১৮ কোটি ৬২ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের লভ্যাংশসংক্রান্ত নীতিমালায় নির্ধারিত ২ হাজার কোটি টাকার মূলধনসীমায় পৌঁছাতে ব্যাংকটির আরও ৭৮১ কোটি ৩৮ লাখ টাকা প্রয়োজন। এই ঘাটতি পূরণে সংরক্ষিত মুনাফা থেকে প্রায় ৬৪ দশমিক ১২ শতাংশ অন্তর্বর্তী বোনাস লভ্যাংশ দিতে চেয়েছিল ব্যাংকটি।
এ জন্য গত ৭ অক্টোবর বিএসইসির কাছে ২০১৮ সালের ২০ জুন জারি করা প্রজ্ঞাপনের ৩(২) ধারা থেকে বিশেষ অব্যাহতির আবেদন করে প্রাইম ব্যাংক। আবেদন পর্যালোচনা করে গত ১৫ নভেম্বর ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে পাঠানো চিঠিতে কমিশন জানায়, বিদ্যমান আইনি কাঠামোর কারণে এ ধরনের ছাড় দেওয়া সম্ভব নয়।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তি বিধিমালা, ২০১৫-এর ১৬(১) বিধিতে অন্তর্বর্তী লভ্যাংশ হিসেবে বোনাস শেয়ার ঘোষণা নিষিদ্ধ রয়েছে। অন্যদিকে কোম্পানি আইন, ১৯৯৪-এর প্রথম তফসিলের ৯৭ নম্বর বিধিতে মুনাফার ভিত্তিতে অন্তর্বর্তী লভ্যাংশ দেওয়ার সুযোগ থাকলেও অন্তর্বর্তী বোনাস শেয়ার ঘোষণার পৃথক অনুমতি নেই।
বিএসইসির ২০২২ সালের প্রজ্ঞাপনে নির্ধারিত শর্তে মূলধন বৃদ্ধির প্রয়োজনে বোনাস শেয়ার দেওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে ওই প্রজ্ঞাপনের মাধ্যমে অন্তর্বর্তী বোনাস শেয়ার ঘোষণার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। ফলে ২০১৮ সালের প্রজ্ঞাপন থেকে অব্যাহতি দিলেও ব্যাংকটির জন্য অন্যান্য আইনি বাধা থেকেই যাবে।
এ ছাড়া প্রাইম ব্যাংককে বিশেষ ছাড় দিলে অন্য তালিকাভুক্ত কোম্পানিগুলোও একই সুবিধা চাইতে পারে বলে আশঙ্কা করছে বিএসইসি। এতে অন্তর্বর্তী বোনাস ঘোষণার নতুন নজির তৈরি হবে। কমিশন এমন পরিস্থিতি এড়াতে চায়।
বিনিয়োগকারীদের স্বার্থ নিয়েও উদ্বেগ রয়েছে নিয়ন্ত্রক সংস্থার। কারণ, বছরের মাঝামাঝি সময়ে অনিরীক্ষিত হিসাবে কোনো কোম্পানির পর্যাপ্ত মুনাফা থাকলেও বছর শেষে তা কমে যেতে পারে। সে ক্ষেত্রে পর্যাপ্ত বিতরণযোগ্য মুনাফা না থাকলে আগে ঘোষণা করা বোনাস শেয়ার বাস্তবায়ন কঠিন হয়ে পড়তে পারে। এতে বিনিয়োগকারীদের প্রত্যাশা ও স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে প্রাইম ব্যাংকের বোনাস লভ্যাংশ ঘোষণার পথ পুরোপুরি বন্ধ হয়নি। বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল কালাম ঢাকা স্ট্রিট জার্নালকে বলেন, ‘আমরা প্রাইম ব্যাংককে পরামর্শ দিয়েছি হিসাববছর শেষে চূড়ান্ত লভ্যাংশ ঘোষণার সময় প্রয়োজনীয় বোনাস লভ্যাংশ ঘোষণা দিতে। সে ক্ষেত্রে বিএসইসির অনুমোদনও প্রয়োজন হবে না।’
চলতি হিসাববছরের প্রথম নয় মাসে প্রাইম ব্যাংকের নিট মুনাফা হয়েছে ৬৮৫ কোটি টাকা। এ সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ৬২ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৪১ টাকা ৯ পয়সা। বোনাস শেয়ার ইস্যুর ফলে শেয়ারসংখ্যা বাড়লে একই মুনাফা ও নিট সম্পদের ভিত্তিতে এই দুটি সূচক আনুপাতিক হারে কমে আসবে।
নয় মাস শেষে ব্যাংকটির সংরক্ষিত মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ২৩১ কোটি টাকা। প্রয়োজনীয় ৭৮১ কোটি ৩৮ লাখ টাকা এই সংরক্ষিত মুনাফার প্রায় ৩৫ শতাংশ। তবে এই অর্থের কতটুকু বোনাস হিসেবে বিতরণযোগ্য হবে, তা নির্ভর করবে নিরীক্ষিত আর্থিক হিসাব ও নিয়ন্ত্রক সংস্থার শর্ত পূরণের ওপর।
এদিকে বাংলাদেশ ব্যাংকের সাধারণ লভ্যাংশ নীতিমালায় নির্ধারিত শর্ত অনুযায়ী নগদ ও বোনাস মিলিয়ে সর্বোচ্চ ৩০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সীমা রয়েছে। ফলে ৬৪ শতাংশের বেশি বোনাস দিতে হলে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ অনুমোদন প্রয়োজন হবে। সংশ্লিষ্টদের ধারণা, মূলধন বৃদ্ধির উদ্দেশ্য বিবেচনায় বাংলাদেশ ব্যাংক এ ক্ষেত্রে বিশেষ অনুমোদনের বিষয়টি ইতিবাচকভাবে দেখতে পারে।
বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে ব্যাংকের পরিশোধিত মূলধন বাড়লেও নতুন কোনো নগদ অর্থ আসবে না। বরং সংরক্ষিত মুনাফার একটি অংশ পরিশোধিত মূলধনে স্থানান্তরিত হবে। তাই প্রাইম ব্যাংকের মূলধন বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়নে এখন বছরশেষের নিরীক্ষিত আর্থিক হিসাব এবং বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমোদনই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
























