বন্ধক রাখা সম্পত্তি প্রকৃত বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে নিলামে বিক্রি দেখিয়ে ১০০ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৭৭ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে। এ অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগে বলা হয়েছে, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বন্ধক রাখা সম্পত্তি প্রকৃত মূল্যের চেয়ে অনেক কম দামে নিলামে বিক্রি দেখানো হয়। এর মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে ১০০ কোটি টাকার বেশি। এ ঘটনায় ভুক্তভোগী ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ মামলাও করেছেন।
দুদকের সহকারী পরিচালক বিষাণ যোষকে অভিযোগটি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ৯ আগস্ট আদালত থেকে অভিযোগটি অনুসন্ধান ও তদন্তের জন্য দুদকে পাঠানো হয়। পরে ২৭ সেপ্টেম্বর অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করে কমিশন।
এদিকে, দুদকের অনুসন্ধানের খবরের মধ্যে মাসরুর আরেফিনের বিদেশযাত্রা নিয়েও আলোচনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, অনুসন্ধানের খবর পেয়ে তিনি দেশ ছাড়ছেন। তবে সিটি ব্যাংকের হেড অব পাবলিক রিলেশনস অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা এ অভিযোগ নাকচ করেছেন।
তিনি জানিয়েছেন, ২২ নভেম্বর অফিসিয়াল কাজে কায়রো যাচ্ছেন মাসরুর আরেফিন। আগামী ৩০ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। এ সফরের জন্য যথাযথ অনুমতি নেওয়া হয়েছে এবং দুদকও বিষয়টি জানে বলে দাবি করেছেন তিনি।
দুদক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রোববারের আগে তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি।
দুদকের নির্দেশনায় বলা হয়েছে, অনুসন্ধান চলাকালে কোনো ব্যাংক হিসাব অবরুদ্ধ কিংবা সম্পদ-সম্পত্তি ক্রোক করা হলে লিখিতভাবে সংশ্লিষ্ট শাখাকে জানাতে হবে। পাশাপাশি দুদক আইন, ২০০৪ এবং দুদক বিধিমালা, ২০০৭ অনুযায়ী অনুসন্ধান সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের জানুয়ারি থেকে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন মাসরুর আরেফিন। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি তৃতীয় মেয়াদে আরও তিন বছরের জন্য পুনর্নিয়োগ পান।-সূত্র : দৈনিক কালের কণ্ঠ
























