সোনার পুরোনো অলংকার বিক্রি করলে এখন থেকে আগের চেয়ে বেশি টাকা পাবেন গ্রাহকেরা। পুরোনো অলংকার বিক্রির ক্ষেত্রে ওজন থেকে বাদ দেওয়ার হার ১৮ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। একই সঙ্গে পুরোনো অলংকার বদলে নতুন কেনার ক্ষেত্রেও কাটতির হার কমানো হয়েছে। ফলে পুরোনো সোনা বিক্রি ও বদল—দুই ক্ষেত্রেই বাড়তি সুবিধা পাবেন ক্রেতারা।
শনিবার বাজুসের কার্যালয়ে অনুষ্ঠিত সমিতির পরিচালনা পর্ষদের সভায় সোনার অলংকার বদল ও ক্রয় নীতিমালায় এসব পরিবর্তন আনা হয়। আগামীকাল রোববার থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর হবে।
পরিবর্তনের বিষয়টি শনিবারই সমিতির সভাপতি এনামুল হক খান সদস্যদের এক জরুরি নোটিশের মাধ্যমে জানিয়েছেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জুয়েলারি প্রতিষ্ঠানে পুরোনো অলংকার বদলে নতুন কিনতে গেলে অলংকারের বর্তমান ওজন থেকে ৯ শতাংশ বাদ দিয়ে মূল্য নির্ধারণ করা হবে। এত দিন এ ক্ষেত্রে ১২ শতাংশ ওজন বাদ দেওয়া হতো।
উদাহরণ হিসেবে, কোনো ক্রেতা ২১ ক্যারেটের এক ভরি ওজনের সোনার অলংকার বদলে একই ওজনের নতুন অলংকার কিনতে বা বানাতে চাইলে এখন পুরোনো অলংকারের মূল্য নির্ধারণ করা হবে ৯ শতাংশ ওজন বাদ দিয়ে। এতে মূল্য দাঁড়াবে ১ লাখ ৭৩ হাজার ৮১৬ টাকা। আগে ১২ শতাংশ বাদ দেওয়ার কারণে মূল্য নির্ধারিত হতো ১ লাখ ৬৮ হাজার ১৭৩ টাকা। অর্থাৎ নতুন সিদ্ধান্তে ক্রেতার সাশ্রয় হবে ৫ হাজার ৬৪৩ টাকা।
অন্যদিকে পুরোনো অলংকার বিক্রির ক্ষেত্রেও কাটতির হার কমানো হয়েছে। এত দিন পুরোনো অলংকারের বর্তমান ওজন থেকে ১৮ শতাংশ বাদ দিয়ে মূল্য নির্ধারণ করা হতো। এখন থেকে বাদ দেওয়া হবে ১৫ শতাংশ।
ধরুন, কোনো গ্রাহক প্রায় ১০ বছর আগে ৭০ হাজার টাকায় ২২ ক্যারেটের এক ভরি ওজনের সোনার অলংকার কিনেছিলেন। শনিবার পর্যন্ত সেটি বিক্রি করলে তিনি পেতেন ১ লাখ ৬৪ হাজার ৯৪০ টাকা। কিন্তু নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর রোববার থেকে একই অলংকার বিক্রি করলে পাবেন ১ লাখ ৭০ হাজার ৯৭৪ টাকা। অর্থাৎ আগের তুলনায় ৬ হাজার ৩৪ টাকা বেশি পাবেন তিনি।
জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম বলেন, নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে ক্রেতারা আগের চেয়ে বেশি লাভবান হবেন।
এদিকে বৈশ্বিক বাজারে সোনার দাম টানা কমছে। এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। চলতি মাসে আট দফায় প্রতি ভরি সোনার দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা। এর মধ্যে শুক্রবার এক দিনেই দাম কমেছে প্রায় ১১ হাজার টাকা, যা এক দিনে সর্বোচ্চ দরপতনের ঘটনা। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। গত ১৩ মাসের মধ্যে এটিই দেশের বাজারে সোনার সর্বনিম্ন দাম।
বিশ্লেষকদের মতে, মূলত দুটি কারণে আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার দাম কমছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী ডিসেম্বর মাসে সুদের হার বাড়াতে পারে—বাজারে এমন ধারণা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে। এ দুটি কারণেই মূল্যবান ধাতুর বাজারে দরপতন অব্যাহত রয়েছে।
























