ঢাকা   বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

ওরিয়নের শেয়ার কারসাজিতে ৩ ব্রোকারের নাম: বিনিয়োগকারীদের আস্থায় নতুন সংকটের শঙ্কা

শেয়ারবাজার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১:৪৫, ১৮ নভেম্বর ২০২৬

সর্বশেষ

ওরিয়নের শেয়ার কারসাজিতে ৩ ব্রোকারের নাম: বিনিয়োগকারীদের আস্থায় নতুন সংকটের শঙ্কা

ওরিয়ন গ্রুপের শেয়ার লেনদেনে অর্থের উৎস ও প্রকৃত সুবিধাভোগী শনাক্ত করতে তিনটি ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। অনুসন্ধানে উঠে এসেছে আইডিএলসি সিকিউরিটিজ, ইউনাইটেড সিকিউরিটিজ ও ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের নাম।

তবে তদন্ত এখনো চলমান। ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ কিংবা এর কোনো পরিচালক অনিয়মে জড়িত;এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। তদন্তেই নির্ধারিত হবে সংশ্লিষ্ট অর্থ স্থানান্তর ও শেয়ার লেনদেনে প্রতিষ্ঠানটির ভূমিকা কী ছিল।

বিএফআইইউর প্রতিবেদনে তিন ব্রোকারেজের নাম

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এই তদন্ত শুরু করেছে বিএসইসি। গত ১২ নভেম্বর কমিশনের মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের পরিচালক উম্মে সালমার স্বাক্ষরে জারি করা আদেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষ করে ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্তের কেন্দ্রে রয়েছে ওরিয়ন গ্রুপের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব থেকে তিনটি ব্রোকারেজ হাউসে অর্থ স্থানান্তরের ঘটনা। প্রতিষ্ঠানগুলো হলো: আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড এবং ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।

কোন প্রতিষ্ঠান থেকে কত টাকা পাঠানো হয়েছে, কোন গ্রাহকের বিও হিসাবে সেই অর্থ জমা হয়েছে এবং পরবর্তী সময়ে ওই অর্থ দিয়ে কী ধরনের শেয়ার লেনদেন হয়েছে, তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি।

বিনিয়োগকারীদের প্রশ্ন, সংশ্লিষ্ট অর্থ কীভাবে ব্রোকারেজ প্রতিষ্ঠানে প্রবেশ করেছে, কারা সেই অর্থ ব্যবহার করেছেন এবং গ্রাহকদের পরিচয় ও অর্থের উৎস যাচাইয়ে প্রতিষ্ঠানগুলো যথাযথ নিয়ম অনুসরণ করেছে কি-না। এসব প্রশ্নের স্বচ্ছ ও গ্রহণযোগ্য ব্যাখ্যা না এলে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থার সংকট আরও বাড়তে পারে।

নিজেদের কোম্পানির শেয়ারেই অর্থ ব্যবহারের অভিযোগের অনুসন্ধান

তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, ওরিয়ন গ্রুপের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অর্থ ব্যবহার করে নিজেদের কোম্পানির শেয়ার কেনাবেচা করা হয়েছিল কি না। বিশেষ করে ওরিয়ন ফার্মা পিএলসি ও ওরিয়ন পাওয়ার রূপসা লিমিটেডের শেয়ার লেনদেনের ওপর গুরুত্ব দিচ্ছে বিএসইসি।

সংশ্লিষ্ট অর্থ দিয়ে শেয়ার কেনার মাধ্যমে কৃত্রিমভাবে দর বাড়ানো, লেনদেনের পরিমাণ প্রভাবিত করা কিংবা বাজারে কারসাজির কোনো চেষ্টা হয়েছিল কি না, তা যাচাই করা হবে। একই সঙ্গে অর্থের উৎস, লেনদেনের প্রকৃত নিয়ন্ত্রণ এবং চূড়ান্ত সুবিধাভোগী শনাক্ত করার চেষ্টা করবে তদন্ত দল।

শুধু বিও হিসাবের নামে থাকা ব্যক্তিকে শনাক্ত করেই তদন্ত শেষ হবে না। ওই হিসাব প্রকৃতপক্ষে কে নিয়ন্ত্রণ করেছেন, অর্থ সরবরাহকারীর সঙ্গে হিসাবধারীর সম্পর্ক কী এবং লেনদেনের আর্থিক সুবিধা শেষ পর্যন্ত কার কাছে গেছে, সেসব তথ্যও বিশ্লেষণ করা হবে।

ইনসাইডার ট্রেডিং ও অর্থপাচারের বিষয়ও তদন্তে

তদন্তের আওতায় রয়েছে কোম্পানির অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য ব্যবহার করে শেয়ার কেনাবেচার অভিযোগের সম্ভাবনাও। সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো অপ্রকাশিত তথ্যের ভিত্তিতে লেনদেন করে থাকলে তা ইনসাইডার ট্রেডিংয়ের পর্যায়ে পড়ে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।

পাশাপাশি ব্রোকারেজ হাউসগুলোর গ্রাহক পরিচিতি যাচাই বা কেওয়াইসি, অর্থের উৎস সম্পর্কে বর্ধিত যাচাই (ইডিডি) এবং সন্দেহজনক লেনদেনের প্রতিবেদন (এসটিআর) দাখিলের ক্ষেত্রে বিধিবিধান অনুসরণ করা হয়েছিল কি না, তা পরীক্ষা করবে কমিশন।

অর্থাৎ শুধু অর্থ স্থানান্তরের ঘটনা নয়, সেই অর্থ পুঁজিবাজারে প্রবেশের পর ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলো তাদের নিয়ন্ত্রক দায়িত্ব যথাযথভাবে পালন করেছে কি না, সেটিও তদন্তের গুরুত্বপূর্ণ অংশ।

আগেও জব্দ হয়েছিল ওরিয়ন সংশ্লিষ্ট বিও হিসাব

ওরিয়ন গ্রুপের সংশ্লিষ্ট বিও হিসাব নিয়ে বিএসইসির পদক্ষেপ অবশ্য নতুন নয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন গ্রুপটির সঙ্গে সংশ্লিষ্ট বিও হিসাবগুলো জব্দ করেছিল। এবার বিএফআইইউর গোয়েন্দা প্রতিবেদনের সূত্র ধরে সংশ্লিষ্ট অর্থের উৎস, ব্রোকারেজ প্রতিষ্ঠানের ভূমিকা এবং প্রকৃত সুবিধাভোগীদের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হলো।

তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন বিএসইসির পরিচালক মওলা মোয়াজ্জেম। কমিটির অন্য দুই সদস্য হলেন সহকারী পরিচালক মুহাম্মদ সালেহুর রহমান ভূঁইয়া ও অমিত কুমার সাহা।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ধারা ২১ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ১৭-সহ সংশ্লিষ্ট আইনি ক্ষমতাবলে এই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আস্থার সংকট আরও গভীর হওয়ার শঙ্কা

দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরেই বিনিয়োগকারীদের আস্থা ফেরানো বড় চ্যালেঞ্জ। অনিয়ম, কারসাজি ও দুর্বল তদারকির অভিযোগের কারণে সাধারণ বিনিয়োগকারীদের একটি বড় অংশ বাজার থেকে দূরে রয়েছেন। এমন পরিস্থিতিতে তিনটি ব্রোকারেজ হাউসের নাম ঘিরে বিএসইসির তদন্ত এবং এর মধ্যে ডিবিএ সভাপতির পরিচালনাধীন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বাজারসংশ্লিষ্টদের কাছে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলো যদি নিজেরাই সন্দেহজনক লেনদেনের অনুসন্ধানের আওতায় আসে, তাহলে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে কীভাবে? 

শেষ পর্যন্ত তদন্তে কী উঠে আসে, সেটিই এখন দেখার বিষয়। তবে এই অনুসন্ধান শুধু ওরিয়ন গ্রুপের শেয়ার লেনদেনের অনিয়ম খুঁজে বের করার বিষয় নয়; বরং পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি এবং নিয়ন্ত্রক সংস্থার তদারকির সক্ষমতারও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।

৬০ কার্যদিবসের তদন্ত প্রতিবেদনে যদি অর্থের উৎস, প্রকৃত সুবিধাভোগী ও ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর ভূমিকা স্পষ্ট হয়, তাহলে বাজারে স্বচ্ছতা প্রতিষ্ঠার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ হতে পারে। অন্যদিকে তদন্তের ফলাফল অস্পষ্ট থাকলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা থাকবে।
 

সর্বশেষ