ঢাকা   সোমবার ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রাহায়ণ ১৪৩৩

বেক্সিমকো ফার্মার নতুন সাবসিডিয়ারি, বিনিয়োগ ১০ কোটি টাকা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৬, ১৬ নভেম্বর ২০২৬

সর্বশেষ

বেক্সিমকো ফার্মার নতুন সাবসিডিয়ারি, বিনিয়োগ ১০ কোটি টাকা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি নতুন ব্যবসায়িক উদ্যোগ নিতে যাচ্ছে। ভেষজ ওষুধ উৎপাদন ও বিপণনের লক্ষ্যে সম্পূর্ণ মালিকানাধীন নতুন একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠনের অনুমোদন দিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। নতুন কোম্পানিটির প্রাথমিক পরিশোধিত মূলধন হবে ১০ কোটি টাকা।

কোম্পানি সূত্রে জানা গেছে, গত ১২ নভেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ‘বেক্সিমকো ফার্মা নিউট্রাসিউটিক্যালস লিমিটেড’ নামে নতুন কোম্পানি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রস্তাবিত সাবসিডিয়ারিটি ভেষজ ওষুধ উৎপাদন ও বিপণনের কার্যক্রম পরিচালনা করবে। পণ্যের পরিধি বৈচিত্র্যময় করা এবং স্বাস্থ্যসেবা বাজারে নিজেদের অবস্থান আরও সম্প্রসারণের কৌশলের অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে বেক্সিমকো ফার্মা।

নতুন কোম্পানিটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ১০০ কোটি টাকা। এই মূলধন প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের ১০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত থাকবে। অন্যদিকে, প্রাথমিক পরিশোধিত মূলধন হবে ১০ কোটি টাকা, যার সম্পূর্ণ অর্থ বিনিয়োগ করবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি।

তবে নতুন সাবসিডিয়ারি গঠন ও এর কার্যক্রম শুরুর বিষয়টি প্রয়োজনীয় বিধিবদ্ধ এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার ওপর নির্ভর করছে।

এদিকে, নতুন এই উদ্যোগের কারণে কোম্পানির আর্থিক কর্মক্ষমতায় তাৎক্ষণিক কিংবা মধ্যমেয়াদে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

সর্বশেষ