শেয়ারবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তি ও আইপিও অনুমোদন প্রক্রিয়া দ্রুত করতে সমন্বিত ‘সিঙ্গেল উইন্ডো’ বা ওয়ান-স্টপ রিভিউ সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন এই ব্যবস্থায় আইপিও আবেদন পর্যালোচনায় স্টক এক্সচেঞ্জগুলো প্রধান ভূমিকা পালন করবে। এতে অনুমোদন প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ও অপ্রয়োজনীয় জটিলতা কমবে বলে আশা করছে নিয়ন্ত্রক সংস্থা।
সম্প্রতি বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় শেয়ারবাজারের গতিশীলতা ফিরিয়ে আনা, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং বাজারের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে বেশ কিছু সংস্কারমূলক সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিঙ্গেল উইন্ডো ব্যবস্থায় স্টক এক্সচেঞ্জগুলো আইপিও আবেদন পর্যালোচনা করবে। এরপর নিজেদের অনুসন্ধান ও বিএসইসির পর্যবেক্ষণ সমন্বয় করে চূড়ান্ত অনুমোদনের জন্য কমিশনে সুপারিশ পাঠাবে। এর ফলে একই বিষয়ে একাধিক পর্যায়ে পর্যালোচনার জটিলতা কমবে এবং আইপিও অনুমোদনের প্রক্রিয়া আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে।
উল্লেখ্য, প্রায় তিন বছর ধরে শেয়ারবাজারে আইপিও খরা চলছে। সম্প্রতি বেশ কয়েকটি কোম্পানি বাজার থেকে মূলধন সংগ্রহের জন্য আবেদন করেছে। এমন পরিস্থিতিতে নতুন এই উদ্যোগ আইপিও বাজারে গতি ফেরাতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে স্টকব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলোর আর্থিক চাপ কমাতে নেতিবাচক ইক্যুইটি ও অবাস্তবায়িত লোকসান সমন্বয়ের সময়সীমা বাড়িয়ে ২০৩০ সাল পর্যন্ত নির্ধারণ করেছে বিএসইসি।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত থাকা নেতিবাচক ইক্যুইটির বিপরীতে ২০২৭ সাল থেকে ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। তবে এই সুবিধার অপব্যবহার ঠেকাতে কঠোর শর্ত আরোপ করা হয়েছে। বর্ধিত সময়ের মধ্যে এসব প্রতিষ্ঠান কোনো নগদ লভ্যাংশ দিতে পারবে না। পাশাপাশি নেতিবাচক ইক্যুইটি থাকা হিসাবগুলোতে নতুন করে মার্জিন ঋণ দেওয়া এবং ব্লক মার্কেটে লেনদেন করাও নিষিদ্ধ থাকবে।
অন্যদিকে, অলটারনেট ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত এবং তালিকাভুক্তির অপেক্ষায় থাকা বন্ডগুলোকে স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ জন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠানগুলোকে মূল বোর্ডে তালিকাভুক্তির প্রয়োজনীয় আবেদন করতে বলা হয়েছে।
এ ছাড়া তালিকাভুক্ত কোম্পানির পরিচালক ও ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য একই ব্যক্তি হওয়ার কারণে ব্যাংকে ডিভিডেন্ড অ্যাকাউন্ট পরিচালনায় যে নিষেধাজ্ঞা ছিল, তা সংশোধন করে শিথিল করা হয়েছে। বিএসইসির এই সিদ্ধান্তের ফলে তালিকাভুক্ত কোম্পানিগুলোর লভ্যাংশ বিতরণসহ সংশ্লিষ্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে।
























