ঢাকা   বুধবার ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

২৪৮ মিলিয়ন ডলারের পোর্টফোলিও, বাংলাদেশ ছাড়ছে ব্রামার

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৩, ১১ নভেম্বর ২০২৬

সর্বশেষ

২৪৮ মিলিয়ন ডলারের পোর্টফোলিও, বাংলাদেশ ছাড়ছে ব্রামার

বাংলাদেশের শেয়ারবাজার থেকে নিজেদের সব বিনিয়োগ গুটিয়ে নিচ্ছে সুইডেনভিত্তিক আন্তর্জাতিক বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্রামার অ্যান্ড পার্টনার্স। ধারাবাহিকভাবে শেয়ার বিক্রি করে ইতোমধ্যে অর্থ প্রত্যাহার শুরু করেছে প্রতিষ্ঠানটি। এতে দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগের বড় একটি অংশ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। বাজারসংশ্লিষ্টদের মতে, ব্রামারের প্রস্থান কার্যকর হলে দেশের শেয়ারবাজার তার অন্যতম বৃহৎ বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে হারাবে।

ব্রামার অ্যান্ড পার্টনার্সের পক্ষে লেনদেন পরিচালনাকারী চারটি ব্রোকারেজ প্রতিষ্ঠান—ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, সিটি ব্রোকারেজ, ইউসিবি স্টক ব্রোকারেজ এবং আইডিএলসি সিকিউরিটিজ প্রতিষ্ঠানটির বড় অঙ্কের বিনিয়োগ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে।

সুইডিশ এই প্রতিষ্ঠানটি মূলত নরওয়ে ও মরিশাসসহ বিভিন্ন দেশের গ্রাহকদের অর্থ বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগ করেছিল। ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের পরিচালক সাইফুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, কয়েকজন গ্রাহক বিনিয়োগের অর্থ ফেরত চাওয়ায় ব্রামার তাদের ফান্ড বন্ধের প্রক্রিয়া শুরু করেছে। পাঁচ বছর আগেই প্রতিষ্ঠানটি তাদের প্রাইভেট ইকুইটি ফান্ড বন্ধ করেছিল। বর্তমানে পাবলিক ইকুইটি ফান্ড বন্ধের চূড়ান্ত প্রক্রিয়া চলছে।

এদিকে, বিদেশি বিনিয়োগ প্রত্যাহারের চিত্রও স্পষ্ট হয়ে উঠছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে। ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার বাজারে মোট শেয়ার বিক্রির ৩ দশমিক ৩৭ শতাংশ এসেছে বিদেশি পোর্টফোলিও থেকে। বিপরীতে নতুন বিদেশি বিনিয়োগের অংশ ছিল মোট শেয়ার ক্রয়ের মাত্র শূন্য দশমিক ২০ শতাংশ।

ব্রোকারেজ হাউসগুলোর কর্মকর্তাদের দাবি, ব্রামার অ্যান্ড পার্টনার্সের বিপুল পরিমাণ শেয়ার বিক্রির নির্দেশনার কারণেই বিদেশি বিনিয়োগের ক্রয় ও বিক্রয়ের মধ্যে এমন বড় ব্যবধান তৈরি হয়েছে।

শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্রামারের মতো বড় বিদেশি বিনিয়োগকারীর প্রস্থান বাজারে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগের প্রবাহ কমে গেলে বাজারের তারল্য ও বিনিয়োগকারীদের আস্থায় চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাদের মতে, এই শূন্যতা পূরণে নতুন বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আকৃষ্ট করতে সরকার, নিয়ন্ত্রক সংস্থা এবং বাজারসংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

উল্লেখ্য, ব্রামার পরিচালিত ফান্ডগুলোর অন্যতম বড় বিনিয়োগকারী ছিল নরওয়ের সরকারি সম্পদ ব্যবস্থাপনা তহবিল ‘গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল’ বা জিপিএফজি। ২০১৫ সালে এই ফান্ডের প্রাথমিক বিনিয়োগ ছিল প্রায় ১ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। পরবর্তী সময়ে পুনঃবিনিয়োগের মাধ্যমে ২০২০ সালে বাংলাদেশের শেয়ারবাজারে এই পোর্টফোলিওর মূল্য বেড়ে দাঁড়ায় ২৪ কোটি ৮০ লাখ ডলারে।

তবে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক শেয়ার বিক্রি ও অর্থ প্রত্যাহারের ফলে পোর্টফোলিওটির বর্তমান মূল্য কমে প্রায় ১০ কোটি ডলারে নেমে এসেছে।

এ ছাড়া মরিশাসভিত্তিক ‘ব্রামার ফ্রন্টিয়ার পিই-২’-এর মাধ্যমে রানার অটোমোবাইলসের মতো কোম্পানিতেও প্রতিষ্ঠানটির বড় বিনিয়োগ ছিল। অন্যদিকে, যুক্তরাজ্যভিত্তিক কিংসওয়ে ক্যাপিটালও বাংলাদেশের শেয়ারবাজারে উল্লেখযোগ্য বিদেশি বিনিয়োগকারী হিসেবে রয়েছে।

সব মিলিয়ে, ব্রামারের বিনিয়োগ প্রত্যাহারের সিদ্ধান্ত দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

সর্বশেষ