শেয়ারবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তির প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন—বিএসইসি। এখন থেকে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদন পর্যালোচনায় কমিশন ও স্টক এক্সচেঞ্জের পর্যবেক্ষণ একসঙ্গে বিবেচনা করা হবে। এতে একই বিষয়ে বারবার যাচাই-বাছাইয়ের প্রয়োজন কমবে, কমবে সময়ক্ষেপণ। ফলে শেয়ারবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তির পথ আরও সহজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় আইপিও আবেদন পর্যালোচনায় ‘সিঙ্গেল উইন্ডো রিভিউ’ পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, নতুন ব্যবস্থায় কোনো কোম্পানির আইপিও আবেদন পর্যালোচনার সময় কমিশন ও সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জ সমন্বিতভাবে কাজ করবে। এ ক্ষেত্রে কমিশনের কোনো পর্যবেক্ষণ থাকলে তা সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জকে জানানো হবে। পরে স্টক এক্সচেঞ্জ নিজেদের পর্যবেক্ষণের পাশাপাশি কমিশনের মতামতও একসঙ্গে যাচাই-বাছাই করবে।
সব ধরনের পর্যালোচনা শেষে আইপিও আবেদনের বিষয়ে সুপারিশ তৈরি করে কমিশনের কাছে জমা দেবে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জ।
বর্তমানে আইপিও আবেদন পর্যালোচনার বিভিন্ন পর্যায়ে একাধিক পক্ষের পর্যবেক্ষণ ও যাচাই-বাছাইয়ের প্রয়োজন হয়। ফলে একই বিষয়ে একাধিকবার পর্যালোচনা করতে গিয়ে অনেক ক্ষেত্রে দীর্ঘসূত্রতা তৈরি হয়। নতুন পদ্ধতিতে এসব পর্যবেক্ষণ একসঙ্গে বিবেচনা করায় প্রক্রিয়াটি আরও গতিশীল হবে বলে আশা করছে বিএসইসি।
কমিশনের মতে, নতুন এ উদ্যোগের ফলে আইপিও আবেদন নিষ্পত্তিতে অপ্রয়োজনীয় জটিলতা ও সময়ক্ষেপণ কমবে। একই সঙ্গে শেয়ারবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্তির ক্ষেত্রে উৎসাহ বাড়তে পারে।
উল্লেখ্য, আইপিওর মাধ্যমে কোনো কোম্পানি প্রথমবারের মতো সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করে। এ প্রক্রিয়ায় আর্থিক তথ্য যাচাই, আবেদন পর্যালোচনা এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসহ বিভিন্ন ধাপ সম্পন্ন করতে হয়।
তবে নতুন সিঙ্গেল উইন্ডো পদ্ধতিতে আইপিও অনুমোদনের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি বিএসইসি।
























