৭ হাজারের বেশি সন্দেহজনক ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত হয়েছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের প্ল্যাটফর্মে। কোনো কোনো অ্যাকাউন্টে গ্রাহকের বয়স দেখানো হয়েছে ১০০ থেকে ১৫০ বছর! এমন অস্বাভাবিক তথ্য এবং গ্রাহক পরিচিতি যাচাইয়ে (কেওয়াইসি) অনিয়মের অভিযোগে বিকাশের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। সন্তোষজনক জবাব না পেলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কেওয়াইসি নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগে বিকাশকে কেন জরিমানা করা হবে না, তা জানতে চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বিকাশের প্ল্যাটফর্মে ৭ হাজারের বেশি সন্দেহজনক অ্যাকাউন্ট শনাক্ত হয়েছে। এসব অ্যাকাউন্টের কয়েকটিতে গ্রাহকের বয়স ১০০ থেকে ১৫০ বছর দেখানো হয়েছে। এ ছাড়া বেশ কিছু অ্যাকাউন্টে অস্বাভাবিক মাত্রার লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অসংগতি থাকার পরও অ্যাকাউন্টগুলো সচল থাকায় কেওয়াইসি নির্দেশনা লঙ্ঘনের বিষয়টি সামনে এসেছে।
এ ঘটনায় পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট অ্যাক্ট, ২০২৪-এর ৩৭ ধারা অনুযায়ী গত ৩ নভেম্বর বিকাশের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান দ্য ডেইলি স্টারকে জানান, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা লঙ্ঘনের দায়ে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও এমএফএস প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত জরিমানা করা হয়। তবে এ ঘটনায় এখনো কোনো জরিমানা করা হয়নি। ব্যাখ্যা চাওয়াটি প্রাথমিক পদক্ষেপ। বিকাশের জবাব সন্তোষজনক কি না, তার ওপর পরবর্তী ব্যবস্থা নির্ভর করবে।
এদিকে, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, মোবাইল আর্থিক সেবা ব্যবহার করে অবৈধ লেনদেন, অনলাইন জুয়া, বেটিং এবং ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যের মতো কার্যক্রম বাড়ছে। এসব কর্মকাণ্ডের বড় একটি অংশ ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ফলে গ্রাহকের পরিচয় নিশ্চিত করা এবং সন্দেহজনক লেনদেন শনাক্তে কেওয়াইসি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা জরুরি।
তবে অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে বিকাশ। প্রতিষ্ঠানটির হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম জানান, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী যথাযথ গ্রাহক পরিচিতি যাচাইয়ের মাধ্যমে বিকাশের সব অ্যাকাউন্ট খোলা হয়। এ ক্ষেত্রে ই-কেওয়াইসি অথবা কাগজভিত্তিক কেওয়াইসি পদ্ধতি অনুসরণ করা হয়। পাশাপাশি নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে বায়োমেট্রিক তথ্য মিলিয়ে গ্রাহকের পরিচয় যাচাই করা হয়।
তিনি বলেন, ই-কেওয়াইসির ক্ষেত্রে এনআইডির তথ্য সংগ্রহে ওসিআর প্রযুক্তি এবং পরিচয় নিশ্চিত করতে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হয়। ফলে জাতীয় পরিচয়পত্রে কোনো ভুল থাকলে তা অ্যাকাউন্টের তথ্যেও প্রতিফলিত হতে পারে।
বিকাশের দাবি, ১০০ বছর বা তার বেশি বয়স দেখানো অ্যাকাউন্টগুলোর বড় একটি অংশে জাতীয় পরিচয়পত্রের জন্মতারিখে ভুল রয়েছে। সংশ্লিষ্ট গ্রাহকদের নির্বাচন কমিশনের ডেটাবেসে জন্মতারিখ সংশোধন করে বিকাশকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া কাগজভিত্তিক কেওয়াইসি ফরমের তথ্য হাতে এন্ট্রি করার সময় কিছু জন্মসালে অনিচ্ছাকৃত ভুল হয়েছিল। প্রতিষ্ঠানটির দাবি, এসব ভুল ইতোমধ্যে সংশোধন করা হয়েছে। আলোচিত সব অ্যাকাউন্টকে বর্ধিত গ্রাহক যাচাই বা ইডিডি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে এবং ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিকাশের নিবন্ধিত অ্যাকাউন্টের সংখ্যা সাড়ে ৮ কোটি। এর মধ্যে সক্রিয় অ্যাকাউন্ট রয়েছে ৪ কোটি ২০ লাখ। বিপুলসংখ্যক গ্রাহকের এই প্ল্যাটফর্মে সন্দেহজনক অ্যাকাউন্ট শনাক্তের ঘটনা আর্থিক লেনদেনের নিরাপত্তা ও গ্রাহক পরিচিতি যাচাইয়ের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।
























