ঢাকা   বুধবার ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

রেকর্ড ৩৩৪ রানেই হৃদয়ের ১১৫ ধাপ লাফ, আফগানিস্তানের ইতিহাস গড়লেন রহমত

খেলার জগৎ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭:১৬, ১১ নভেম্বর ২০২৬

সর্বশেষ

রেকর্ড ৩৩৪ রানেই হৃদয়ের ১১৫ ধাপ লাফ, আফগানিস্তানের ইতিহাস গড়লেন রহমত

টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের তাওহিদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ৩৩৪ রান করে আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এক লাফে ১১৫ ধাপ এগিয়েছেন তিনি। উঠে এসেছেন ৬০তম স্থানে। অন্যদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৩ রানের ইনিংস খেলে আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে প্রথমবার টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা করে নিয়েছেন রহমত শাহ।

আইসিসির সর্বশেষ প্রকাশিত টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ছয় ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছেন রহমত। তাঁর বর্তমান রেটিং পয়েন্ট ৭৩৫, যা ক্যারিয়ারসেরা।

শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন আফগানিস্তানের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক। এটি তাঁর টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি এবং চলতি বছরে দ্বিতীয়। এই পারফরম্যান্সের সুবাদে ভারতের অধিনায়ক শুবমান গিল, দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম ও শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসকে পেছনে ফেলেছেন তিনি।

রহমতের এই অর্জন আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসেও বিশেষ তাৎপর্যপূর্ণ। দেশটির প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট র‍্যাঙ্কিংয়ের যেকোনো বিভাগে সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি।

একই ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন জিম্বাবুয়ের ক্রেইগ আরভিনও। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২০৬ রান করা এই অভিজ্ঞ ব্যাটসম্যান ৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৮তম স্থানে। ম্যাচটি শেষ হয়েছে ড্রয়ে।

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের তাওহিদ হৃদয়ের। সিরিজে ৩৩৪ রান করে ১১৫ ধাপ এগিয়ে ৬০তম স্থানে উঠে এসেছেন তিনি। আগে সেরা ১০০-এর বাইরে ছিলেন এই ব্যাটসম্যান।

সিরিজে ১৬ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য সিরিজ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যানও এগিয়েছেন ১১ ধাপ। বোলারদের তালিকায় যৌথভাবে ১৯তম স্থানে উঠে আসার পাশাপাশি ক্যারিয়ারসেরা ৬৬৫ রেটিং পয়েন্ট অর্জন করেছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের আরেক ক্রিকেটার জাস্টিন গ্রিভস টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যৌথভাবে অষ্টম হয়েছেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজে ৪৬ ও ৫১ রানের দুটি ইনিংস খেলার পাশাপাশি একটি উইকেট নিয়েছিলেন তিনি।

এ ছাড়া ব্যাটসম্যানদের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের কাভেম হজ ১২ ধাপ এগিয়ে ৫২তম এবং উইকেটকিপার-ব্যাটসম্যান আমির জাঙ্গু ২৮ ধাপ এগিয়ে ৬২তম স্থানে উঠে এসেছেন।

অন্যদিকে, ওয়ানডে ক্রিকেটেও সাম্প্রতিক সময়ে সাফল্য পেয়েছে আফগানিস্তান। ত্রিদেশীয় সিরিজ জিতে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে দলটি। ফলে টেস্ট ও ওয়ানডে—দুই সংস্করণেই নিজেদের অবস্থান শক্ত করার পথে এগোচ্ছে আফগান ক্রিকেট।

সর্বশেষ