ঢাকা   বুধবার ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মোটরসাইকেলের নম্বরপ্লেট লাগানোর সময় বাড়ল, নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭:৩২, ১১ নভেম্বর ২০২৬

সর্বশেষ

মোটরসাইকেলের নম্বরপ্লেট লাগানোর সময় বাড়ল, নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর

মোটরসাইকেলচালকদের জন্য সুখবর। বাইকের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা আরও দেড় মাসের বেশি বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগে ১৫ নভেম্বরের মধ্যে নম্বরপ্লেট লাগানোর নির্দেশনা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন মোটরসাইকেল মালিকরা।

বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ সময়সীমা বাড়ানোর তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের দিকেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ নির্দেশনা বাস্তবায়নে মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে হবে।

নম্বরপ্লেটের মাপ কত হবে?

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটারের ক্ষেত্রে ম্যানুয়াল নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার উচ্চতা হতে হবে কমপক্ষে ২০ মিলিমিটার।

অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।

নম্বরপ্লেট তৈরিতে যেসব শর্ত মানতে হবে

বিআরটিএর নির্দেশনায় বলা হয়েছে, ম্যানুয়াল নম্বরপ্লেট অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। সাদা পটভূমির ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।

নম্বরপ্লেটে কোনো ধরনের শোভাবর্ধন বা অতিরিক্ত নকশা করা যাবে না। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন মার্ক একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করতে হবে। যেমন—ঢাকা মেট্রো-ল-১১-১২২৯।

৩১ ডিসেম্বরের মধ্যে নম্বরপ্লেট লাগানোর নির্দেশনা

নির্ধারিত সময়ের মধ্যে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে মালিকদের অনুরোধ জানিয়েছে বিআরটিএ। ফলে আগের সময়সীমা অনুযায়ী ১৫ নভেম্বরের মধ্যে নম্বরপ্লেট লাগানোর তাড়া থাকছে না। তবে নতুন নির্ধারিত ৩১ ডিসেম্বরের সময়সীমার মধ্যেই নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।

সর্বশেষ