ঢাকা   মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

পাঁচ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের গুরুত্বপূর্ণ পদে রদবদল

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:৩৬, ৩ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:০৫, ৩ নভেম্বর ২০২৬

সর্বশেষ

পাঁচ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের গুরুত্বপূর্ণ পদে রদবদল

পুলিশের পাঁচ অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ও দুই উপমহাপরিদর্শকসহ (ডিআইজি) সাতটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), হাইওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ এবং গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে পৃথক আদেশে ছয় জেলার পুলিশ সুপারকেও (এসপি) বদলি করা হয়েছে।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপন ও বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ সই করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবির মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে এসআরবির মহাপরিচালক এবং পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

এ ছাড়া শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে রাজারবাগের পুলিশ টেলিকম সংস্থায় বদলি করা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি, রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদকে জিএমপি কমিশনার এবং রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

ছয় জেলার পুলিশ সুপারও বদলি

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদলের পাশাপাশি পৃথক বিজ্ঞপ্তিতে ছয় পুলিশ সুপারকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নীলফামারীর পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। মুন্সিগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলমকে নীলফামারীতে এবং এসআরবির পুলিশ সুপার মো. বদরুদ্দোজাকে মুন্সিগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, জামালপুরের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে। বরগুনার পুলিশ সুপার কুদরত ই খুদাকে জামালপুরে এবং এসআরবির পুলিশ সুপার কে এম এ মামুন খানকে বরগুনার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

 

সর্বশেষ