ঢাকা   মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

নতুন ১০ খাতে ব্যবসা সম্প্রসারণ করবে নাভানা সিএনজি

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯, ৩ নভেম্বর ২০২৬

সর্বশেষ

নতুন ১০ খাতে ব্যবসা সম্প্রসারণ করবে নাভানা সিএনজি

শেয়ারবাজারে তালিকাভুক্ত নাভানা সিএনজি লিমিটেড ব্যবসার পরিধি বাড়াতে নতুন ১০টি খাতে কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে বৈদ্যুতিক যানবাহন (ইভি), চার্জিং স্টেশন, ব্যাটারি সোয়াপিং, গাড়ি বিক্রয় ও রক্ষণাবেক্ষণ এবং সৌরবিদ্যুৎ-সংশ্লিষ্ট ব্যবসা। এসব নতুন ব্যবসা কোম্পানির সংঘস্মারকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। এ জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৯ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ব্যবসা সম্প্রসারণের বিষয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিকল্পনার অংশ হিসেবে বৈদ্যুতিক যানবাহনের জন্য চার্জিং স্টেশন ও চার্জিং হাব স্থাপন করবে নাভানা সিএনজি। পাশাপাশি বিদ্যমান সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে এসি ও ডিসি দ্রুতগতির চার্জিং অবকাঠামো স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া চার্জিং ও অন্যান্য সেবা সম্প্রসারণে নতুন স্থান অধিগ্রহণ এবং ব্যাটারি অদলবদল বা ব্যাটারি সোয়াপিং স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে।

নতুন ব্যবসার আওতায় বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক যানবাহনের জন্য জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহভিত্তিক ফ্লিট এনার্জি সলিউশনস সেবা চালু করতে চায় কোম্পানিটি। একই সঙ্গে বৈদ্যুতিক যানবাহনের রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য বিশেষায়িত সার্ভিস সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া বৈদ্যুতিক যানবাহনের ব্যবহৃত ব্যাটারি পুনঃপ্রক্রিয়াজাতকরণ এবং ব্যাটারির সম্পূর্ণ জীবনচক্র ব্যবস্থাপনার ব্যবসায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির শোরুম স্থাপন ও ডিলারশিপ ব্যবসাও পরিচালনা করতে চায় নাভানা সিএনজি।

কোম্পানিটির সম্প্রসারণ পরিকল্পনায় বৈদ্যুতিক মোটরসাইকেল, চার চাকার বৈদ্যুতিক গাড়ি এবং তিন চাকার বৈদ্যুতিক যানবাহনের ব্যবসাও রয়েছে। এসব যানবাহন সিকেডি বা যন্ত্রাংশ আকারে আমদানি করে সংযোজন, পরিবেশনা, বিক্রয় এবং বিক্রয়োত্তর সেবা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর পাশাপাশি বৈদ্যুতিক যানবাহন ও সৌরবিদ্যুৎ-সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য এবং সেবার ব্যবসাও কোম্পানির কার্যক্রমের আওতায় আনতে চায় পরিচালনা পর্ষদ।

নতুন ব্যবসাগুলো আনুষ্ঠানিকভাবে শুরু করার আইনি ভিত্তি তৈরি করতে কোম্পানির সংঘস্মারক বা মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশনে প্রয়োজনীয় সংশোধনী আনার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন গ্রহণের জন্য আগামী ৩০ ডিসেম্বর ২০২৬, বুধবার সকাল ১১টায় বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সভাটি হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করা হবে। তবে সরাসরি অংশগ্রহণের জন্য সভাস্থলের ঠিকানা পরবর্তী সময়ে জানানো হবে।

বিশেষ সাধারণ সভায় নতুন ব্যবসা ও সেবাগুলো কোম্পানির কার্যক্রমে অন্তর্ভুক্ত করা এবং সে অনুযায়ী সংঘস্মারক সংশোধনের প্রস্তাব শেয়ারহোল্ডারদের সামনে উপস্থাপন করা হবে।

এদিকে, ইজিএমে অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ১৯ নভেম্বর ২০২৬ রেকর্ড তারিখ নির্ধারণ করেছে কোম্পানিটি।

নাভানা সিএনজির এ উদ্যোগ বাস্তবায়িত হলে প্রচলিত সিএনজি ব্যবসার পাশাপাশি বৈদ্যুতিক যানবাহন, চার্জিং অবকাঠামো, ব্যাটারি ব্যবস্থাপনা, গাড়ি বিক্রয় ও রক্ষণাবেক্ষণ এবং সৌরবিদ্যুৎ খাতে ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। তবে নতুন খাতগুলোতে কার্যক্রম শুরুর আগে সংঘস্মারক সংশোধনের প্রস্তাব শেয়ারহোল্ডারদের অনুমোদন পেতে হবে।

সর্বশেষ