স্বাধীনতা সংগ্রামের জাতীয় চার নেতার স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজিত বিশেষ প্রদর্শনী স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হলেও পুলিশ সম্ভাব্য হামলার আশঙ্কা প্রকাশ করায় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ষষ্ঠ তলার ৬ নম্বর গ্যালারিতে ‘স্বাধীনতা সংগ্রামে জাতীয় চার নেতা’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন হওয়ার কথা ছিল। ১৫ দিনব্যাপী প্রদর্শনীটি আগামী ১৭ নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল।
জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম. মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানের স্মরণে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য দেওয়ার কথা ছিল মুক্তিযুদ্ধকালীন সরকারের কর্মকর্তা ও সাবেক সচিব ওয়ালিউল ইসলামের।
মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ও প্রাবন্ধিক মফিদুল হক বলেন, প্রদর্শনী ঘিরে তাঁদের সব ধরনের প্রস্তুতি ছিল। তবে অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে পুলিশ এসে অনুষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানায়। এ সময় পুলিশ হামলার আশঙ্কার কথা জানায়।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘরে অনেক মূল্যবান নিদর্শন রয়েছে। তাই সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি বিবেচনায় নিয়ে তাঁরা অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। প্রদর্শনীটি পরবর্তী সময়ে আয়োজন করা হবে কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, সেখানে নিরাপত্তাজনিত ঘাটতি ছিল। তাঁদের আশঙ্কা ছিল, ফ্যাসিস্টের দোসররা অনুষ্ঠানে হামলা করতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ সদস্যরা মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়ে কর্তৃপক্ষকে অনুষ্ঠান বন্ধ রাখতে বলেন। এরপর জাদুঘর কর্তৃপক্ষ অনুষ্ঠান স্থগিত করে।
























