শেয়ারবাজারে বিনিয়োগ করে আর্থিক ক্ষতির ঝুঁকি কমাতে অন্যের পরামর্শের ওপর নির্ভর না করে যাচাই-বাছাই করে নিজেই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় ডিজিটাল প্রতারণা শনাক্ত ও প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
রোববার (১১ অক্টোবর) ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬’ উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) যৌথ আয়োজনে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। রাজধানীতে বিআইসিএমের মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বিএএসএমের মহাপরিচালক কামরুল আনাম খান বলেন, শেয়ারবাজারে বিনিয়োগের আগে যথেষ্ট চিন্তাভাবনা ও সতর্কতা প্রয়োজন। বিনিয়োগকারীদের নিজেদের বিনিয়োগের হিসাব নিজেরাই সংরক্ষণ করতে হবে এবং অন্যের পরামর্শে প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। বিনিয়োগের অর্থ যেহেতু নিজের, তাই কোথায় ও কীভাবে তা বিনিয়োগ করা হবে, সেই সিদ্ধান্তও নিজের বিবেচনায় নেওয়া উচিত। অন্যের সিদ্ধান্ত অনুসরণ করতে গিয়ে বিনিয়োগকারীরা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজম বলেন, বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের এবারের প্রতিপাদ্য বাংলাদেশের শেয়ারবাজারের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রতারণার ঘটনা প্রাথমিক পর্যায়েই শনাক্ত করতে হবে এবং তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। বাজারে প্রতারণা বন্ধ করা গেলে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা সহজ হবে।
সেমিনারের সভাপতির বক্তব্যে বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ বলেন, দেশের শেয়ারবাজারে অনেক বিনিয়োগকারী অল্প সময়ে বিনিয়োগ করে দ্রুত মুনাফা অর্জনের প্রত্যাশা করেন। তবে শেয়ারবাজার মূলত দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্র। ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিতে দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করলে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা থাকে।
সেমিনারে ‘স্মার্ট ইনভেস্টিং: ইনভেস্টর অ্যাওয়ারনেস, মার্কেট ইন্টেগ্রিটি অ্যান্ড ফ্রড প্রিভেনশন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএমের সহযোগী অধ্যাপক ফয়সাল আহমেদ খান।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসসিও) উদ্যোগে আয়োজিত এবারের বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের প্রতিপাদ্য বিনিয়োগকারীদের স্থিতিস্থাপকতা, ডিজিটাল প্রতারণা ও প্রতারণা সম্পর্কে সচেতনতা। ‘আপনার ভবিষ্যতে বিনিয়োগ করুন, আজই এটিকে সুরক্ষিত করুন’—এই স্লোগানকে সামনে রেখে সেমিনারটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিআইসিএমের পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীনসহ বিআইসিএম ও বিএএসএমের অনুষদ সদস্য, কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
























