আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটির কারণে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ছুটির ক্ষতি পুষিয়ে নিতে সরকারি ছুটির দিন আগামী ১৭ অক্টোবর, শনিবারও শেয়ারবাজারে লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
রোববার (১১ অক্টোবর) ডিএসইর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ অক্টোবর সাধারণ কার্যদিবসের মতোই ডিএসইর লেনদেন ও অন্যান্য দাপ্তরিক কার্যক্রম পূর্ণমাত্রায় চলবে।
ঘোষিত সূচি অনুযায়ী, ১৭ অক্টোবর শনিবারের পাশাপাশি ১৮ ও ১৯ অক্টোবর রোববার ও সোমবারও শেয়ারবাজারে স্বাভাবিক নিয়মে লেনদেন চলবে।
এরপর দুর্গাপূজার ছুটি উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২২ অক্টোবর দুর্গাপূজার সাধারণ ছুটি।
ছুটি ও পরবর্তী সাপ্তাহিক বিরতি শেষে ২৫ অক্টোবর, রোববার থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে আবারও নিয়মিত লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।
























