ঢাকা   শুক্রবার ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বোর্ড পুনর্গঠনের খবরে বেক্সিমকো-শাইনপুকুরের শেয়ারে বড় উত্থান

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:২২, ৮ অক্টোবর ২০২৬

সর্বশেষ

বোর্ড পুনর্গঠনের খবরে বেক্সিমকো-শাইনপুকুরের শেয়ারে বড় উত্থান

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেডের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন বোর্ডে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে রাখা হয়নি। এ খবরের পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানি দুটির শেয়ারে বড় ধরনের উত্থান দেখা গেছে।

ডিএসইর লেনদেনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৩ মিনিটে বেক্সিমকোর শেয়ারদর ৯ দশমিক ৭৬ শতাংশ বা ২ টাকা বেড়ে ২২ টাকা ৫০ পয়সায় দাঁড়ায়।

একই সময়ে শাইনপুকুর সিরামিকসের শেয়ারদরও ৯ দশমিক ৬৩ শতাংশ বা ২ টাকা ১০ পয়সা বেড়ে ২৩ টাকা ৯০ পয়সায় ওঠে।

দুই কোম্পানির শেয়ারই এ সময় দিনের সর্বোচ্চ অনুমোদিত সীমায় পৌঁছায়। ফলে স্বয়ংক্রিয়ভাবে লেনদেন স্থগিতের প্রক্রিয়া কার্যকর হয়।

সালমান এফ রহমান বাদ পড়ায় নতুন বোর্ড

বিএসইসির অনুমোদনের পরই দুই কোম্পানির শেয়ারে এ বড় উত্থান দেখা যায়। নতুন পরিচালনা পর্ষদে সালমান এফ রহমানকে না রাখার সিদ্ধান্তের মধ্য দিয়ে বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত তিন কোম্পানির বোর্ড থেকেই তিনি বাদ পড়লেন।

এর আগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছিল।

পরিচালন অচলাবস্থা কাটাতেই বোর্ড পুনর্গঠন

বেক্সিমকো গ্রুপের পক্ষ থেকে কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের জন্য বিএসইসির কাছে আবেদন করা হয়েছিল।

দীর্ঘদিনের পরিচালনাগত অচলাবস্থা নিরসন, বিভিন্ন নিয়ন্ত্রক জটিলতার সমাধান এবং কারখানাগুলোতে পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যেই বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন বোর্ড অনুমোদনের পর বাজারে দুই কোম্পানির শেয়ারে দ্রুত উত্থান দেখা যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে এ সিদ্ধান্তকে ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়ার প্রতিফলন দেখা গেছে।

সর্বশেষ