ঢাকা   শুক্রবার ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

উজবেকিস্তানকে হারিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু

খেলার জগৎ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:৩০, ৮ অক্টোবর ২০২৬

সর্বশেষ

উজবেকিস্তানকে হারিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু

অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলে প্রথমবার উজবেকিস্তানের মুখোমুখি হয়েই দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ২–১ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে শুভসূচনা করেছে বাংলাদেশের মেয়েরা।

উজবেকিস্তানের তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামের অনুশীলন মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। ম্যাচের চতুর্থ মিনিটেই মোসাম্মৎ আলমিনার গোলে এগিয়ে যায় তারা।

তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ১৮ মিনিটে রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে সমতায় ফেরে উজবেকিস্তান। আক্রমণে বেশি মনোযোগ দেওয়ায় বাংলাদেশের রক্ষণে তৈরি হওয়া ফাঁকা জায়গা কাজে লাগান স্বাগতিক দলের ডিফেন্ডার ফারাঙ্গিজ লাকায়েভা। একা গোলকিপারকে পেয়ে বল জালে পাঠিয়ে দেন তিনি।

১–১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই। বাংলাদেশ একের পর এক আক্রমণ করলেও বেশ কয়েকটি ভালো সুযোগ কাজে লাগাতে পারেনি। নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়েও লড়াই চলতে থাকে সমানতালে।

শেষ পর্যন্ত ৯৩ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। বদলি হিসেবে মাঠে নামা রুনা আক্তার বল জালে পাঠিয়ে দলকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন। শেষ পর্যন্ত তাঁর গোলেই জয় নিশ্চিত করে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ নারী দল।

‘এইচ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে উজবেকিস্তান ও ফিলিপাইনস। বাছাইপর্বে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ ম্যাচ ১১ অক্টোবর ফিলিপাইনসের বিপক্ষে।

আগামী বছরের মার্চ–এপ্রিলে চীনে বসবে ১২ দল নিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের মূল আসর। বাছাইপর্বে ৩০টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে লড়ছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল মূল পর্বে খেলার সুযোগ পাবে।

আয়োজক চীন এবং গত আসরের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ জাপান ও চতুর্থ হওয়া অস্ট্রেলিয়া সরাসরি মূল পর্বে খেলবে।

সর্বশেষ