ঢাকা   শুক্রবার ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

১৫ অক্টোবর থেকে টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ২০:০০, ৮ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:০২, ৮ অক্টোবর ২০২৬

সর্বশেষ

১৫ অক্টোবর থেকে টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা

দীর্ঘদিনের তারল্য সংকটে ভোগা শেয়ারবাজারের তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৫ অক্টোবর থেকে গ্রাহকরা চাহিদা অনুযায়ী আমানতের টাকা তুলতে পারেন—এমন ব্যবস্থা নিশ্চিত করতে ব্যাংকটির কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে দেশের সব শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান মেলিতা মেহজাবীন এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাহিদুল হক বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ব্যাংকটির সামগ্রিক আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন গভর্নর।

বাংলাদেশ ব্যাংক জানায়, আমানতকারীরা যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই প্রয়োজন অনুযায়ী নগদ অর্থ উত্তোলন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। এ জন্য দেশের সর্বত্র ন্যাশনাল ব্যাংকের শাখা ও এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ রাখতে ব্যাংক কর্তৃপক্ষকে জোর তাগিদ দেওয়া হয়েছে।

দীর্ঘদিনের তারল্য সংকটে ন্যাশনাল ব্যাংক

অনিয়ন্ত্রিত ঋণ অনিয়ম, দুর্নীতি এবং বিপুল পরিমাণ খেলাপি ঋণের চাপে গত কয়েক বছর ধরে বড় ধরনের লোকসানের মধ্যে রয়েছে ন্যাশনাল ব্যাংক। এর প্রভাবে একপর্যায়ে ব্যাংকটিতে তীব্র তারল্য সংকট দেখা দেয়।

ফলে গ্রাহকদের চাহিদা অনুযায়ী আমানতের টাকা ফেরত দিতে না পারায় ব্যাংকটির প্রতি আস্থায় বড় ধরনের সংকট তৈরি হয়। একই সঙ্গে নতুন আমানত সংগ্রহের হারও কমে যায়। এতে ব্যাংকটির আর্থিক সংকট আরও গভীর হয়।

বিশেষ তারল্য সহায়তায় চলছে কার্যক্রম

বর্তমানে ন্যাশনাল ব্যাংককে টিকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ তারল্য সহায়তার ওপর নির্ভর করতে হচ্ছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ নির্দেশনার ফলে ব্যাংকটির আমানতকারীদের দীর্ঘদিনের অর্থ উত্তোলনের সমস্যা অনেকটাই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিশেষ করে ১৫ অক্টোবর থেকে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ নিশ্চিত করা গেলে ব্যাংকটির প্রতি আমানতকারীদের আস্থা কিছুটা ফিরতে পারে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

এদিকে, শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংকের জন্য বাংলাদেশ ব্যাংকের এই সরাসরি হস্তক্ষেপকে ব্যাংকটির তারল্য সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এখন মূল বিষয় হবে—নির্দেশনা অনুযায়ী শাখা ও এটিএমে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ করে গ্রাহকদের চাহিদা কতটা কার্যকরভাবে পূরণ করতে পারে ব্যাংকটি।

সর্বশেষ