ব্যাট হাতে তখনো প্রস্তুত নন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার ডিয়েন্ড্রা ডটিন। হেলমেট ঠিক করছেন, গ্লাভস পরছেন। এদিকে বল হাতে প্রস্তুত বোলার সারাহ গ্লেন। কিন্তু অপেক্ষার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় আর সুযোগ পেলেন না ডটিন। ব্যাটে বল লাগানোর আগেই স্টাম্প ভেঙে তাঁকে আউট করলেন গ্লেন। নারী বিগ ব্যাশ লিগে এমন অদ্ভুত আউটের ঘটনা দেখে বিস্মিত হয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
ঘটনাটি ব্রিসবেন হিট ও মেলবোর্ন রেনেগেডসের মধ্যকার ম্যাচে। জর্জিয়া ওয়ারহ্যামের বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন ডিয়েন্ড্রা ডটিন। তবে ক্রিজে এসেই ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হতে পারেননি ক্যারিবীয় এই ক্রিকেটার। হেলমেট ঠিক করা এবং গ্লাভস পরতেই ব্যস্ত ছিলেন তিনি।
অন্যদিকে বল হাতে অপেক্ষা করছিলেন ইংল্যান্ডের বোলার সারাহ গ্লেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় আম্পায়াররা ডটিনকে স্টাম্পের সামনে থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন। এরপর ব্যাটার ছাড়াই বল করার সুযোগ পান গ্লেন।
২০২১ সালের নারী বিগ ব্যাশ মৌসুমের আগে খেলার গতি বাড়াতে নতুন নিয়ম চালু করা হয়েছিল। সেই নিয়ম অনুযায়ী, কোনো ব্যাটার আউট হওয়ার পর নতুন ব্যাটারকে ৭৫ সেকেন্ডের মধ্যে পরের বল মোকাবিলার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় নন-স্ট্রাইকারকে বল গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে। আম্পায়ারদের মতে, নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুত হতে পারেননি ডটিন।
ফলে স্টাম্প থেকে তাঁকে সরে যেতে বলা হয়। এরপর গ্লেন সরাসরি বল ছুড়ে ভেঙে দেন মিডল ও লেগ স্টাম্প। কোনো বল খেলার সুযোগ না পেয়েই ডায়মন্ড ডাক নিয়ে মাঠ ছাড়তে হয় ডটিনকে।
এমন অপ্রত্যাশিত উইকেট পেয়ে শুরুতে নিজেই যেন বিশ্বাস করতে পারছিলেন না সারাহ গ্লেন। কীভাবে উদ্যাপন করবেন, তা বুঝতে না পেরে হেসে ফেলেন তিনি। একপর্যায়ে দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন। পরে সতীর্থরা তাঁকে ঘিরে ধরে আনন্দে মেতে ওঠেন।
ডটিনের এমন বিদায়ের সময় মেলবোর্ন রেনেগেডসের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৪ বলে ৪১ রান। হাতে ছিল পাঁচ উইকেট। শেষ পর্যন্ত অবশ্য রুদ্ধশ্বাস লড়াইয়ে জয় তুলে নেয় দলটি।
১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের শেষ বলে তিন উইকেটের জয় পায় মেলবোর্ন রেনেগেডস। ফলে ডটিনের অদ্ভুত আউট ম্যাচের অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়।
























