খেলোয়াড়ি জীবনের শেষ প্রান্তে এসে নতুন ভূমিকায় ফুটবলে থাকার পরিকল্পনা করছেন লিওনেল মেসি। কোচিংয়ে যাওয়ার চেয়ে ক্লাবের মালিকানা ও ফুটবল প্রশাসনে যুক্ত হওয়ার প্রতিই তার আগ্রহ বেশি। ইন্টার মায়ামির সঙ্গে বর্তমান চুক্তিতেই অবসরের পর ক্লাবটির মালিকানায় অংশীদার হওয়ার সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছে বিবিসি স্পোর্ট।
আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি ইতোমধ্যেই চিরতরে তুলে রেখেছেন মেসি। আগামী কয়েক বছরের মধ্যে ক্লাব ফুটবল থেকেও বিদায় নিতে পারেন বিশ্বকাপজয়ী এই তারকা। তবে মাঠ ছাড়লেও ফুটবল থেকে পুরোপুরি দূরে সরে যাওয়ার পরিকল্পনা নেই তার।
মেসির খেলোয়াড়ি জীবনের শেষ অধ্যায় কাটছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। ২০২৫ সালে ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করে ২০২৮ সাল পর্যন্ত থাকার পথ নিশ্চিত করেছেন তিনি। ওই চুক্তির অংশ হিসেবেই অবসরের পর ইন্টার মায়ামির কিছু শেয়ারের মালিক হওয়ার সুযোগ রয়েছে মেসির।
বিবিসি স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, মেসি কোচিংয়ের চেয়ে ফুটবলের মালিকানা ও প্রশাসনিক ভূমিকায় বেশি আগ্রহী। আর তার সাম্প্রতিক কর্মকাণ্ডেও সেই পরিকল্পনার ইঙ্গিত মিলছে।
চলতি বছর স্পেনের দুটি ক্লাবের মালিকানায় যুক্ত হয়েছেন মেসি। এপ্রিলে পঞ্চম স্তরের ক্লাব ইউই কর্নেয়ার মালিকানা নেওয়ার পর অক্টোবরে দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি এলদেনসেরও বেশিরভাগ অংশের মালিক হয়েছেন তিনি।
অবসরের পর শৈশবের ক্লাব নিওয়েল’স ওল্ড বয়েজে ফেরার সম্ভাবনাও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মেসির সঙ্গে আর্জেন্টিনার এই ক্লাবটির এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
মেসির ঘনিষ্ঠ মহলেও নিওয়েল’স ওল্ড বয়েজে তার ফেরার সম্ভাবনা নিয়ে খুব বেশি প্রত্যাশা নেই। বরং ভবিষ্যতে স্পেন ও যুক্তরাষ্ট্রকে ঘিরেই ফুটবলের সঙ্গে তার সম্পৃক্ততা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।
খেলোয়াড় হিসেবে ফুটবলের প্রায় সব বড় অর্জনই নিজের করে নিয়েছেন মেসি। বিশ্বকাপ, কোপা আমেরিকা, একাধিক ব্যালন ডি’অরসহ ক্লাব ও জাতীয় দলের হয়ে অসংখ্য সাফল্যের পর এবার মাঠের বাইরে নতুন অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
তাই অবসরের পরও ফুটবলে থাকবেন মেসি—তবে কোচের ভূমিকায় নয়, সম্ভবত ক্লাব মালিক ও ফুটবল প্রশাসকের ভূমিকায়।
























