ঢাকা   বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ধর্ম-বর্ণ নির্বিশেষে সমান অধিকার নিশ্চিতের বার্তা প্রধানমন্ত্রীর

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:৪১, ৭ অক্টোবর ২০২৬

সর্বশেষ

ধর্ম-বর্ণ নির্বিশেষে সমান অধিকার নিশ্চিতের বার্তা প্রধানমন্ত্রীর

ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা ও সম্প্রদায়ের পরিচয় যেন কোনো নাগরিকের অধিকার ও সুযোগ পাওয়ার পথে বাধা না হয়—এমন একটি বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ-পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করছে। সরকারের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব, সর্বোচ্চটুকু করার চেষ্টা করা হবে। হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের যৌক্তিক দাবি ও সমস্যাগুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

দাবি ও সমস্যার কথা তুলে ধরলেন প্রতিনিধিরা

মতবিনিময় সভায় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও দাবিদাওয়া প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সব সম্প্রদায়ের মানুষের কল্যাণে সরকারের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান।

এ সময় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। একই সঙ্গে শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটি বাড়ানোর সিদ্ধান্তের জন্য তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তাদের মতে, ছুটি বাড়ানোর ফলে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসবের আনন্দ আরও বেড়েছে।

দুর্গাপূজা ও বৌদ্ধ উৎসবে ৮ কোটি টাকা অনুদান

মতবিনিময় সভা শেষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ৫ কোটি টাকা এবং বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব কঠিন চীবর দান উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা বরাদ্দের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

এর আগে দুর্গাপূজার জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ৪ কোটি টাকা এবং কঠিন চীবর দানের জন্য বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ২ কোটি টাকা চেয়েছিল। প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় দুই ক্ষেত্রেই চাহিদার চেয়ে ১ কোটি টাকা করে বেশি বরাদ্দ দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে এবং কঠিন চীবর দান উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে দেশের সব নাগরিকের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

মতবিনিময় সভায় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরাও প্রধানমন্ত্রীকে তাদের ধর্মীয় উৎসবের শুভেচ্ছা জানান।

সর্বশেষ