ঢাকা   বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪%, মজুরি বৃদ্ধি ৭.৯০ শতাংশে নেমেছে

অর্থ ও বাণিজ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:৩১, ৭ অক্টোবর ২০২৬

আপডেট: ২১:৩৪, ৭ অক্টোবর ২০২৬

সর্বশেষ

মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪%, মজুরি বৃদ্ধি ৭.৯০ শতাংশে নেমেছে

দেশে আবারও বেড়েছে মূল্যস্ফীতি। সেপ্টেম্বর মাসে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে সাধারণ মজুরি বৃদ্ধির হার কমে নেমেছে ৭ দশমিক ৯০ শতাংশে। অর্থাৎ মূল্যস্ফীতির চেয়ে মজুরি বৃদ্ধির হার কম থাকায় মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতার ওপর চাপ এখনো অব্যাহত রয়েছে। মূলত খাদ্যপণ্যের দাম বাড়ার কারণেই সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে। বুধবার (৭ অক্টোবর) সেপ্টেম্বর মাসের ভোক্তা মূল্য সূচক (সিপিআই) ও মজুরি হার সূচকের (ডব্লিউআরআই) তথ্য প্রকাশ করে সংস্থাটি।

বিবিএসের হিসাবে, আগস্টে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। এক মাসের ব্যবধানে তা বেড়েছে ০ দশমিক ০৮ শতাংশীয় পয়েন্ট।

খাদ্যপণ্যের দামেই বাড়ল মূল্যস্ফীতি

সেপ্টেম্বরে জাতীয় পর্যায়ে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ২২ শতাংশে। আগস্টে এ হার ছিল ৭ দশমিক ০২ শতাংশ। অর্থাৎ এক মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে ০ দশমিক ২০ শতাংশীয় পয়েন্ট।

অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি সামান্য কমেছে। আগস্টের ৯ দশমিক ৩২ শতাংশ থেকে সেপ্টেম্বরে এ হার নেমে এসেছে ৯ দশমিক ৩০ শতাংশে। তবে গত বছরের সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯৮ শতাংশ।

গ্রামে মূল্যস্ফীতি বেশি

সেপ্টেম্বরে শহরের তুলনায় গ্রামীণ এলাকায় মূল্যস্ফীতি কিছুটা বেশি ছিল। গ্রামে সাধারণ মূল্যস্ফীতি আগস্টের ৮ দশমিক ৩১ শতাংশ থেকে বেড়ে সেপ্টেম্বরে হয়েছে ৮ দশমিক ৩৮ শতাংশ।

গ্রামীণ এলাকায় খাদ্য মূল্যস্ফীতিও বেড়েছে। আগস্টে এ হার ছিল ৭ দশমিক ০১ শতাংশ, যা সেপ্টেম্বরে বেড়ে হয়েছে ৭ দশমিক ১৮ শতাংশ।

তবে খাদ্যবহির্ভূত খাতে সামান্য কমেছে মূল্যস্ফীতি। আগস্টের ৯ দশমিক ৫৯ শতাংশ থেকে সেপ্টেম্বরে তা নেমে এসেছে ৯ দশমিক ৫৭ শতাংশে।

শহর এলাকায় সেপ্টেম্বরে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৬ শতাংশে, যা আগস্টে ছিল ৮ দশমিক ২০ শতাংশ। একই সময়ে শহরের খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ০৪ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ২৫ শতাংশ হয়েছে।

অন্যদিকে শহরের খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি আগস্টের ৮ দশমিক ৯৭ শতাংশ থেকে কমে সেপ্টেম্বরে হয়েছে ৮ দশমিক ৯৪ শতাংশ।

মূল্যস্ফীতির নিচে মজুরি বৃদ্ধি

মূল্যস্ফীতি বাড়লেও সেপ্টেম্বরে জাতীয় পর্যায়ে মজুরি বৃদ্ধির হার কিছুটা কমেছে। বিবিএসের মজুরি হার সূচক অনুযায়ী, সেপ্টেম্বরে সাধারণ মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। আগস্টে এ হার ছিল ৮ দশমিক ০৫ শতাংশ।

খাতভিত্তিক হিসাবে সেপ্টেম্বরে কৃষি খাতে মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৮৯ শতাংশ। শিল্প খাতে এ হার ৭ দশমিক ৮৬ শতাংশ এবং সেবা খাতে ৮ দশমিক ০৭ শতাংশ।

ফলে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৮ দশমিক ৩৪ শতাংশে উঠলেও মজুরি বেড়েছে ৭ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধির হার ০ দশমিক ৪৪ শতাংশীয় পয়েন্ট কম। এর ফলে আয় বাড়লেও পণ্য ও সেবার দাম বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে পারছেন না অনেক মানুষ। প্রকৃত ক্রয়ক্ষমতার ওপরও এর চাপ পড়ছে।

বিবিএস জানিয়েছে, সারা দেশের ৬৪টি জেলার ১৪৩টি হাট-বাজার থেকে সংগৃহীত উপাত্ত বিশ্লেষণ করে সেপ্টেম্বর মাসের মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে।

সর্বশেষ