ঢাকা   শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

শেষ মুহূর্তের গোলে বসুন্ধরা কিংসের জয় কেড়ে নিল আরামবাগ

খেলার জগৎ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

শেষ মুহূর্তের গোলে বসুন্ধরা কিংসের জয় কেড়ে নিল আরামবাগ

বাংলাদেশ ফুটবল লিগের নতুন মৌসুমের শুরুতেই পয়েন্ট হারিয়েছে বসুন্ধরা কিংস। গোপালগঞ্জে আরামবাগের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি গত মৌসুমের তিন শিরোপাজয়ী দলটি। যোগ করা সময়ের একেবারে শেষ মিনিটে গোল হজম করে ১-১ সমতায় ম্যাচ শেষ করেছে কিংস।

ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বসুন্ধরা কিংসকে এগিয়ে দেন নেপালের ফরোয়ার্ড অঞ্জন বিস্তা। বাংলাদেশে চ্যাম্পিয়ন দলের হয়ে এটিই ছিল তাঁর প্রথম ম্যাচ।

শুধু অঞ্জনই নন, এদিন কিংসের জার্সিতে অভিষেক হয়েছে নেপাল জাতীয় দলের ডিফেন্ডার রোহিত চাঁদ ও ফরোয়ার্ড মানিশ দাঙ্গির। অভিষেক ম্যাচেই দলের অধিনায়কের আর্মব্যান্ডও পরেন রোহিত।

তবে নতুন মৌসুম শুরুর আগে মাঠের বাইরেও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে কিংসকে। দলবদলে ফিফার ১৪টি নিষেধাজ্ঞার মুখে ছিল ক্লাবটি। ৩ সেপ্টেম্বর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিনে সব নিষেধাজ্ঞা তুলে নিয়ে দল গঠন করে তারা।

এবারের দলটিতেও এসেছে বড় পরিবর্তন। গত কয়েক মৌসুমের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় আর নেই। দল ছেড়েছেন গোলকিপার আনিসুর রহমান জিকো, ডিফেন্ডার সাদ উদ্দিন, মিডফিল্ডার সোহেল রানা এবং ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম ও শাহরিয়ার ইমন।

আরামবাগের বিপক্ষে ম্যাচেও পূর্ণ শক্তির দল পায়নি কিংস। মাঠের বাইরে ছিলেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ। জাতীয় দলের সঙ্গে থাকায় স্কোয়াডে ছিলেন না গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ, মিডফিল্ডার সোহেল রানা, মোহাম্মদ হৃদয় ও ফরোয়ার্ড রাকিব হোসেন।

নিয়মিত ও অভিজ্ঞ খেলোয়াড়দের অনুপস্থিতিতে দ্বিতীয়ার্ধে চাপ বাড়াতে থাকে আরামবাগ। একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও কিংসের গোলকিপার পাপ্পু হোসেনের দুর্দান্ত সেভে বারবার আটকে যায় তারা।

মনে হচ্ছিল, অঞ্জন বিস্তার একমাত্র গোল আর পাপ্পু হোসেনের দৃঢ়তায় পুরো তিন পয়েন্টই পেতে যাচ্ছে বসুন্ধরা কিংস। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে বদলে যায় পুরো চিত্র।

যোগ করা আট মিনিটের শেষ মিনিটে বাঁ দিক থেকে গোলমুখে বল বাড়িয়ে দেন মুসা। সেখান থেকে দুর্দান্ত হেডে বল জালে পাঠান শামীম ইয়াসির। বাঁ দিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি কিংসের গোলকিপার পাপ্পু।

পুরো ম্যাচে মাত্র একবার পরাস্ত হয়েছিলেন পাপ্পু হোসেন। আর সেই এক গোলই শেষ পর্যন্ত বসুন্ধরা কিংসের জয় কেড়ে নিয়ে আরামবাগকে এনে দেয় গুরুত্বপূর্ণ এক পয়েন্ট।

সর্বশেষ