ঢাকা   মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রাহায়ণ ১৪৩৩

নতুন মজুরি নিয়ে মালিকদের ১৫ হাজার টাকার প্রস্তাব, শ্রমিকদের দাবি কমে ২৫ হাজার

অর্থ ও বাণিজ্য

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১০:০৭, ২৪ নভেম্বর ২০২৬

সর্বশেষ

নতুন মজুরি নিয়ে মালিকদের ১৫ হাজার টাকার প্রস্তাব, শ্রমিকদের দাবি কমে ২৫ হাজার

তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে মতবিরোধ কাটছে না। মালিকপক্ষ ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, আগে ৩২ হাজার টাকা দাবি করলেও আলোচনার টেবিলে শ্রমিক প্রতিনিধিরা তাঁদের দাবি কমিয়ে ২৫ হাজার টাকা করেছেন।

গতকাল মজুরি বোর্ডের তৃতীয় বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন নতুন মজুরির প্রস্তাব জমা দেন। তবে বৈঠক শেষে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি প্রস্তাবিত অঙ্ক প্রকাশ করতে রাজি হননি। তিনি বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত অঙ্ক সঠিক নয়।

রাজধানীর সেগুনবাগিচায় সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া বৈঠক চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। আজ দুপুর ২টায় আবারও বৈঠকে বসবেন বোর্ডের সদস্যরা।

শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, মালিকপক্ষের প্রস্তাব প্রত্যাশার চেয়ে অনেক কম এবং যৌক্তিক নয়। সমঝোতায় পৌঁছাতে দুই পক্ষকেই নতুন করে প্রস্তাব দিতে হবে।

এদিকে, মালিকদের ১৫ হাজার টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করে শ্রমিকেরা ন্যূনতম ৩০ থেকে ৩২ হাজার টাকা মজুরির দাবিতে দিনভর বিক্ষোভ করেছেন। সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তারও শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে মজুরি বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন।

তাঁর মতে, বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের তুলনায় ১৫ হাজার টাকা দিয়ে শ্রমিকদের সংসার চালানো সম্ভব নয়।

এদিকে মজুরির দাবিতে শিল্পাঞ্চলে উত্তেজনা

মজুরি নিয়ে আলোচনার পাশাপাশি আশুলিয়া, সাভার ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।

আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আবারও সংঘর্ষ হয়েছে। সড়ক অবরোধের চেষ্টা, শিক্ষার্থী বহনকারী একটি বাস ভাঙচুর এবং আশপাশের কারখানায় ইটপাটকেল নিক্ষেপের পর পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে তিন নারী শ্রমিক আহত হয়েছেন।

নিউএজ গ্রুপের শ্রমিকেরা সকালে কারখানায় প্রবেশ করে উৎপাদন বন্ধ রেখে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে অবস্থান নেন। পরে কারখানা ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বেরিয়ে এসে আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করেন।

অন্যদিকে, গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় পাঁচটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয়। এ ঘটনার পর ওই এলাকার পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি—বিজিএমইএর তথ্য অনুযায়ী, চলমান অস্থিরতার কারণে ৯৭টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এ ছাড়া ৫২টি কারখানায় ‘কাজ নেই, মজুরি নেই’ নীতি কার্যকর করা হয়েছে।

সব মিলিয়ে নতুন মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের ব্যবধান এখনো অনেক। একদিকে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় মেটানোর দাবি, অন্যদিকে কারখানার সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার বিষয়টি বিবেচনায় নিয়ে সমাধানের চেষ্টা করছে মজুরি বোর্ড। আজকের বৈঠকে দুই পক্ষের অবস্থান কতটা কাছাকাছি আসে, এখন সেটিই দেখার বিষয়।

সর্বশেষ