ঢাকা   মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রাহায়ণ ১৪৩৩

ব্যাংকে অতিরিক্ত তারল্য ছাড়াল ৪ লাখ ৪২ হাজার কোটি টাকা

অর্থ ও বাণিজ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০:২৭, ২৪ নভেম্বর ২০২৬

সর্বশেষ

ব্যাংকে অতিরিক্ত তারল্য ছাড়াল ৪ লাখ ৪২ হাজার কোটি টাকা

রেমিট্যান্সের শক্তিশালী প্রবাহ, আমানতের উচ্চ সুদহার এবং ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থা ফেরায় বাড়ছে ব্যাংক আমানত। তবে আমানত বাড়লেও বাড়ছে না বেসরকারি খাতে ঋণের চাহিদা। ফলে ব্যাংকগুলোতে জমছে অলস অর্থের পাহাড়। গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে অতিরিক্ত তারল্যের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৪২ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২১ লাখ ৬২ হাজার কোটি টাকা। এক বছর আগে একই সময়ে এই পরিমাণ ছিল ১৯ লাখ ১৪ হাজার কোটি টাকা। অর্থাৎ এক বছরে আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ।

পরিসংখ্যান বলছে, ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে বাড়ছে। ২০২৪ সালের ডিসেম্বরে আমানত প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৪৪ শতাংশ। ২০২৫ সালের জুনে তা বেড়ে দাঁড়ায় ৮ শতাংশে। একই বছরের ডিসেম্বরে প্রবৃদ্ধি হয় ১১ দশমিক ১ শতাংশ। আর চলতি বছরের জুনে তা ছিল ১০ দশমিক ৭৪ শতাংশ।

আমানত বাড়ার পেছনে রেমিট্যান্সের বড় ভূমিকা

ব্যাংকারদের মতে, আমানত বৃদ্ধির পেছনে প্রধানত কাজ করছে তিনটি বিষয়—প্রবাসী আয়ের শক্তিশালী প্রবাহ, আমানতের আকর্ষণীয় সুদহার এবং ব্যাংক খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে আসা।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৮ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১৩ দশমিক ২৮ শতাংশ বেশি।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলারের তুলনায় যা ১৭ দশমিক ৩ শতাংশ বেশি।

সংশ্লিষ্টদের মতে, বৈধ পথে আসা প্রবাসী আয় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকায় রূপান্তরিত হওয়ায় বাড়ছে ব্যাংকের আমানত। পাশাপাশি আমানতের ওপর তুলনামূলক বেশি সুদ পাওয়ায় ব্যাংকে অর্থ রাখতে আগ্রহী হচ্ছেন সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা।

তবে আমানত বৃদ্ধির সুফল সব ব্যাংক সমানভাবে পাচ্ছে না। আর্থিকভাবে দুর্বল ব্যাংকগুলো এখনো গ্রাহকদের আস্থা ফেরাতে হিমশিম খাচ্ছে।

ঋণ বিতরণে স্থবিরতা, বাড়ছে অলস অর্থ

ব্যাংক খাতে আমানত বাড়লেও বেসরকারি খাতে ঋণ বিতরণের চিত্র একেবারেই ভিন্ন। গত সেপ্টেম্বর শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে মাত্র ৪ দশমিক ০৯ শতাংশে।

ব্যবসায়িক কার্যক্রমে মন্থরগতি, বিনিয়োগে অনিশ্চয়তা এবং নতুন প্রকল্পের অভাবে ঋণ নিতে আগ্রহ দেখাচ্ছেন না উদ্যোক্তারা। ফলে ব্যাংকগুলোতে আমানত বাড়লেও সেই অর্থ বিনিয়োগ ও ঋণ বিতরণের মাধ্যমে অর্থনীতিতে প্রবাহিত হচ্ছে না।

আমানত ও ঋণের চাহিদার মধ্যে এই বড় ব্যবধানের ফলে সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে অতিরিক্ত তারল্যের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৪২ হাজার কোটি টাকা। বাধ্যতামূলক নগদ জমার বাইরে ব্যাংকগুলোর হাতে থাকা এই বিপুল অর্থের বড় অংশই কার্যকর বিনিয়োগের সুযোগ পাচ্ছে না।

খেলাপি ঋণের বোঝায় চাপে ব্যাংক খাত

অন্যদিকে, আমানত বৃদ্ধির ইতিবাচক চিত্রের বিপরীতে ব্যাংক খাতের জন্য বড় উদ্বেগ হয়ে রয়েছে খেলাপি ঋণ।

জাতীয় সংসদে অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা। যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।

অতীতের ঋণ অনিয়ম, সুশাসনের অভাব এবং লাগামহীন খেলাপি ঋণের কারণে দুর্বল হয়ে পড়েছে ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা।

সব মিলিয়ে ব্যাংক খাতে একদিকে বাড়ছে আমানত ও অতিরিক্ত তারল্য, অন্যদিকে কমছে বেসরকারি ঋণের প্রবৃদ্ধি। এর সঙ্গে যুক্ত হয়েছে খেলাপি ঋণের বিশাল বোঝা। ফলে ব্যাংকে বিপুল অর্থ জমা হলেও তা উৎপাদন, কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধিতে কতটা ভূমিকা রাখতে পারছে, সেটিই এখন বড় প্রশ্ন।

সর্বশেষ