শেয়ারবাজারে লেনদেনের গতি বাড়াতে বড় পরিবর্তন আনছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আগামী বছরের ৪ জানুয়ারি থেকে শেয়ার লেনদেন নিষ্পত্তিতে চালু হচ্ছে টি+১ (T+1) পদ্ধতি। নতুন এই ব্যবস্থায় শেয়ার কেনাবেচার অর্থ ও শেয়ার হস্তান্তরের সময় কমে আসবে এক কার্যদিবসে। এতে বিনিয়োগকারীদের অর্থ দ্রুত ব্যবহারের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি বাজারে লেনদেনের পরিমাণও বাড়বে বলে আশা করছে ডিএসই কর্তৃপক্ষ।
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার জানিয়েছেন, টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তির বিধিমালা বর্তমানে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিবেচনাধীন রয়েছে। শিগগিরই এ বিধিমালার অনুমোদন পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।
ডিএসই সূত্রে জানা গেছে, নতুন পদ্ধতি চালুর জন্য এক্সচেঞ্জের প্রযুক্তিগত প্ল্যাটফর্ম প্রায় প্রস্তুত। তবে লেনদেন নিষ্পত্তি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সেন্ট্রাল কাউন্টারপার্টি বা সিসিপি ব্যবস্থা না থাকায় প্রাথমিক পর্যায়ে কিছু চ্যালেঞ্জ তৈরি হতে পারে। এ কারণে নতুন পদ্ধতি চালুর আগে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে ডিএসই।
টি+১ পদ্ধতিতে যেভাবে হবে লেনদেন নিষ্পত্তি
বর্তমানে দেশের শেয়ারবাজারে টি+২ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি হয়। অর্থাৎ, কোনো বিনিয়োগকারী শেয়ার কেনাবেচা করলে সেই লেনদেনের অর্থ ও শেয়ার চূড়ান্তভাবে হস্তান্তর হতে দুই কার্যদিবস সময় লাগে।
উদাহরণ হিসেবে, কোনো বিনিয়োগকারী রোববার শেয়ার কিনলে বর্তমান নিয়মে সোমবার ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ক্রেতার ব্রোকারের কাছ থেকে অর্থ পায় স্টক এক্সচেঞ্জ। এরপর মঙ্গলবার বিক্রেতার ব্রোকারের কাছে অর্থ হস্তান্তর করা হয় এবং ক্রেতার বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে শেয়ার জমা হয়।
তবে টি+১ পদ্ধতি চালু হলে এই প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন হবে। নতুন নিয়মে শেয়ার কেনার দিনই ক্রেতার ব্রোকারের কাছ থেকে অর্থ গ্রহণ করবে এক্সচেঞ্জ। আর পরবর্তী কার্যদিবসেই বিক্রেতার ব্রোকারের হিসাবে অর্থ পৌঁছে যাবে এবং ক্রেতার বিও হিসাবে শেয়ার জমা হবে।
অর্থাৎ, বর্তমানের দুই কার্যদিবসের পরিবর্তে মাত্র এক কার্যদিবসেই সম্পন্ন হবে লেনদেন নিষ্পত্তি।
বাজারসংশ্লিষ্টদের মতে, দ্রুত নিষ্পত্তি ব্যবস্থার ফলে বিনিয়োগকারীদের অর্থ ও শেয়ার ব্যবহারের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে বাজারে তারল্যের প্রবাহ বাড়বে এবং লেনদেনের গতি ফিরে আসতে পারে। তবে নতুন ব্যবস্থার সফল বাস্তবায়ন নির্ভর করবে প্রযুক্তিগত প্রস্তুতি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয় এবং নির্বিঘ্ন নিষ্পত্তি ব্যবস্থার ওপর।
























