ঢাকা   সোমবার ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

উদ্যোক্তা হতে সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, ৫৬ জেলায় আবেদন শুরু

অর্থ ও বাণিজ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১:২৭, ২ নভেম্বর ২০২৬

সর্বশেষ

উদ্যোক্তা হতে সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, ৫৬ জেলায় আবেদন শুরু

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ঋণ ও অনুদান মিলিয়ে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় দেশের অবশিষ্ট ৫৬ জেলার তরুণদের কাছ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। একজন উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ অনুদান পেতে পারেন। রোববার (১ নভেম্বর) থেকে এসব জেলার সব উপজেলার সম্ভাবনাময় তরুণদের আবেদন গ্রহণ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ উদ্যোগের আওতায় ঋণ ও অনুদানের অর্থ এককালীন একসঙ্গে দেওয়া হবে। একজন উদ্যোক্তার জন্য ঋণের সর্বোচ্চ সীমা ১০ লাখ টাকা। একই সঙ্গে সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান দেওয়ার সুযোগ রয়েছে। ফলে ঋণ ও অনুদান মিলিয়ে একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন পাবেন।

এর আগে কর্মসূচির প্রাথমিক পর্যায়ে দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে আবেদন নেওয়া হয়। এসব উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। বর্তমানে আবেদনগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

প্রথম পর্যায়ে আবেদন নেওয়া আট জেলা হলো—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। এসব জেলার কার্যক্রম শুরুর পর এবার অবশিষ্ট ৫৬ জেলায় কর্মসূচি সম্প্রসারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

গত ১৩ সেপ্টেম্বর এ কর্মসূচির নীতিমালা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এর মূল লক্ষ্য, দেশের প্রত্যন্ত অঞ্চল ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করা এবং তাঁদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে।

যেভাবে সংগ্রহ করবেন আবেদন ফরম

আগ্রহী তরুণ উদ্যোক্তারা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। আবেদনপ্রক্রিয়া, যোগ্যতা ও অর্থায়নসংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট নীতিমালা ও নির্দেশনায় পাওয়া যাবে।

সর্বশেষ