ঢাকা   বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল ফাঁকির অভিযোগ, দিনে লাখ গাড়ির হিসাব ৮০ হাজারের নিচে!

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১:৪২, ১৯ নভেম্বর ২০২৬

সর্বশেষ

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল ফাঁকির অভিযোগ, দিনে লাখ গাড়ির হিসাব ৮০ হাজারের নিচে!

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। দিনে প্রায় এক লাখ যানবাহন চলাচল করলেও টোলের হিসাবে দেখানো হচ্ছে ৮০ হাজারের কম। অভিযোগ রয়েছে, প্রকৃত যানবাহনের তথ্য গোপন করে সরকারের রাজস্ব পাওয়ার সুযোগ কমিয়ে দিচ্ছে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান।

পুলিশের বিশেষ শাখা—এসবির গোপন অনুসন্ধানেও উঠে এসেছে এমন তথ্য। গত ৩ সেপ্টেম্বর এ বিষয়ে সেতু বিভাগে প্রতিবেদন জমা দিয়েছে সংস্থাটি। প্রতিবেদনে কেন্দ্রীয় সফটওয়্যারের বাইরে ম্যানুয়ালি টোল আদায়, অনলাইন রসিদ না দেওয়া এবং একই রসিদ একাধিক গাড়িতে ব্যবহারের অভিযোগ করা হয়েছে।

চুক্তি অনুযায়ী, টানা ১৫ দিন দৈনিক যানবাহন চলাচল ৮০ হাজার ছাড়ালে অতিরিক্ত টোলের ২৫ শতাংশ পাবে বাংলাদেশ সরকার। কিন্তু অভিযোগ রয়েছে, প্রকৃত গাড়ির সংখ্যা বেশি হলেও তা ৭০ থেকে ৭৫ হাজার দেখানো হচ্ছে। ফলে সরকারের রাজস্ব পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে না।

এদিকে, অনুমোদন ছাড়াই টোল আদায়ের দায়িত্ব তৃতীয় একটি চীনা প্রতিষ্ঠানকে দেওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীদের পদাবনতি, চাকরিচ্যুতি এবং বিদেশি কর্মী নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে।

তবে এসব অভিযোগ অস্বীকার না করে সেতু বিভাগ জানিয়েছে, টোল আদায়ের প্রকৃত তথ্য যাচাইয়ে আলাদা নজরদারির ব্যবস্থা নেওয়া হবে।

বিশেষজ্ঞরা বলছেন, সরকারি-বেসরকারি অংশীদারির এই প্রকল্পে টোল আদায় ও যানবাহনের সংখ্যা যাচাইয়ে কার্যকর নজরদারি নিশ্চিত করা জরুরি। অন্যথায় সরকারের রাজস্ব বঞ্চিত হওয়ার পাশাপাশি প্রকল্পের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন থেকেই যাবে।

সর্বশেষ