তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। আর নতুন ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে। শ্রমিকদের স্বাভাবিক জীবনযাপনের জন্য মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন হলেও শিল্পের সক্ষমতা বিবেচনায় এই প্রস্তাব দেওয়া হয়েছে।
আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ এ প্রস্তাব দেয়। তিন ঘণ্টার সভা শেষে আয়োজিত যৌথ ব্রিফিংয়ে প্রস্তাবের বিস্তারিত তুলে ধরা হয়।
শ্রমিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, চার সদস্যের একটি পরিবারের পুষ্টি, ক্যালরি, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনায় একজন পোশাকশ্রমিকের স্বাভাবিক জীবনযাপনের জন্য মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাঁরা চতুর্থ গ্রেডে সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছেন।
সভায় মালিকপক্ষের লিখিত প্রস্তাব জমা দেওয়ার কথা থাকলেও তা দিতে পারেনি তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির পরিচালক ও মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন জানান, ঢাকার আশপাশের শিল্পাঞ্চলে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে মালিকদের কারখানার কার্যক্রমে বেশি মনোযোগ দিতে হচ্ছে। ফলে মজুরির প্রস্তাব তৈরিতে আরও সময় প্রয়োজন। এ জন্য সাত কার্যদিবস সময় চাওয়া হলেও বোর্ডের সিদ্ধান্তে চার কার্যদিবস সময় দেওয়া হয়েছে।
তবে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে মালিকপক্ষ প্রস্তাব জমা না দিলেও মজুরি নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। তিনি বলেন, পরবর্তী সভায় মালিকপক্ষ প্রস্তাব দিতে ব্যর্থ হলেও সিদ্ধান্ত গ্রহণে এগিয়ে যাবে বোর্ড। তাদের প্রস্তাবের জন্য অপেক্ষা করা হবে না।
সভায় আরও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, শ্রমিকদের বাস্তব অবস্থা ও প্রত্যাশা জানতে চলতি সপ্তাহেই বিভিন্ন শ্রমঘন শিল্পাঞ্চলে পোশাক কারখানা পরিদর্শন করবেন বোর্ডের সদস্যরা। দ্বিতীয়ত, মজুরি নির্ধারণের আন্তর্জাতিক সূচক পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে। প্রয়োজনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ), অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত নেবেন।
মজুরি বোর্ডের চেয়ারম্যান, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা হবে। ডিসেম্বর থেকেই নতুন মজুরি কার্যকর করার পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী, শ্রমিকেরা জানুয়ারির প্রথম সপ্তাহে বর্ধিত মজুরি হাতে পাবেন।
























