কম্পানি নিবন্ধনে দীর্ঘসূত্রতা ও ভোগান্তি কমাতে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করছে যৌথ মূলধন কম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর (আরজেএসসি)। নতুন ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেমে (ইবিআরএস) নির্ধারিত মডেল সংঘস্মারক ও সংঘবিধি ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য, নথি, ফি এবং পরিচয় যাচাই সম্পন্ন করলেই তাৎক্ষণিক নিবন্ধনের অনুমোদন মিলবে। ফলে ব্যবসা শুরু করতে উদ্যোক্তাদের অপেক্ষা ও প্রশাসনিক ভোগান্তি কমবে।
আগামী ১২ নভেম্বর সকাল ১০টা থেকে নতুন এ ব্যবস্থা কার্যকর হবে। আরজেএসসির এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।
নতুন সফটওয়্যারে তথ্য স্থানান্তর ও কারিগরি প্রস্তুতির জন্য গতকাল সোমবার বিকেল ৫টা থেকে ১২ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত পুরোনো ই-সেবা সফটওয়্যারে নতুন আবেদন গ্রহণ বন্ধ থাকবে। এরপর নামের ছাড়পত্র ও কম্পানি নিবন্ধনের সব নতুন আবেদন ইবিআরএসের মাধ্যমে করতে হবে।
নতুন ব্যবস্থায় নির্ধারিত মডেল সংঘস্মারক ও সংঘবিধি ব্যবহার করে আবেদন করলে এবং প্রয়োজনীয় তথ্য, ফি, পরিচয় যাচাই ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মতি নিশ্চিত হলে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের অনুমোদন দেবে। তবে নিজস্ব বা কাস্টমাইজড সংঘস্মারক ও সংঘবিধি ব্যবহার করলে আবেদন আগের মতোই আরজেএসসির কর্মকর্তারা যাচাই করবেন।
যাচাইয়ে কোনো তথ্যের অসংগতি, অসম্পূর্ণতা বা ত্রুটি পাওয়া গেলে সংশোধনের নির্দেশনাসহ আবেদনকারীর অনলাইন অ্যাকাউন্টে আবেদন ফেরত পাঠানো হবে।
এদিকে নামের ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রেও গতি আনার উদ্যোগ নিয়েছে সংস্থাটি। প্রাথমিক পর্যায়ে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আবেদন যাচাই করার পর কর্মকর্তারা পুনরায় তা পরীক্ষা করে সিদ্ধান্ত দেবেন। এ ক্ষেত্রে আবেদন পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তির লক্ষ্য নির্ধারণ করেছে আরজেএসসি। পরবর্তী সময়ে সফটওয়্যারের অ্যালগরিদম উন্নত হলে পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে তাৎক্ষণিক নামের ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা চালু হবে।
নতুন ব্যবস্থায় পরিচয় যাচাইয়েও যুক্ত হচ্ছে কঠোর শর্ত। বাংলাদেশের কোনো নাগরিককে কম্পানির শেয়ারহোল্ডার, পরিচালক, সদস্য বা অংশীদার হতে হলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ই-টিআইএন ও মোবাইল নম্বর রিয়েল-টাইম যাচাই করা হবে। এমনকি মোবাইল নম্বরটি সংশ্লিষ্ট ব্যক্তির নিজের এনআইডি দিয়ে নিবন্ধিত কি না, তা-ও পরীক্ষা করা হবে। যাচাইয়ে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ওই পদে অন্তর্ভুক্ত করা যাবে না। এ ছাড়া প্রযোজ্য ক্ষেত্রে আয়কর রিটার্ন জমার প্রমাণক (পিএসআর) স্ক্যান করে আপলোড করতে হবে।
শেয়ারহোল্ডার, পরিচালক, সদস্য ও অংশীদারদের সম্মতি নিশ্চিত করতে তাঁদের ই-মেইল বা মোবাইল নম্বরে এককালীন পাসওয়ার্ড (ওটিপি) পাঠানো হবে। সংশ্লিষ্ট সবার সম্মতি সম্পন্ন না হওয়া পর্যন্ত নিবন্ধন আবেদন পরবর্তী যাচাইয়ের জন্য এগোবে না।
পুরোনো সফটওয়্যারে জমা দেওয়া আবেদন নিয়েও নির্দেশনা দিয়েছে আরজেএসসি। ৯ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত পাওয়া নামের ছাড়পত্রের আবেদন এবং ১ জুলাই থেকে ওই সময় পর্যন্ত জমা দেওয়া নিবন্ধন আবেদন নতুন সিস্টেমে স্থানান্তর করা হবে। তবে খসড়া তৈরি হলেও নির্ধারিত ফি পরিশোধ করা হয়নি—এমন আবেদন স্থানান্তর করা হবে না। এসব আবেদন নতুন সফটওয়্যারে আবার জমা দিতে হবে।
নতুন এ উদ্যোগ কার্যকর হলে কম্পানি নিবন্ধনের প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও সহজ হবে বলে আশা করছে আরজেএসসি।
























