ঢাকা   সোমবার ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

মূলধন পুনর্গঠন ও ব্যয় ব্যবস্থাপনায় সুফল, রেনাটার ইপিএস বেড়েছে ৩৭ শতাংশ

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৮, ৯ নভেম্বর ২০২৬

সর্বশেষ

মূলধন পুনর্গঠন ও ব্যয় ব্যবস্থাপনায় সুফল, রেনাটার ইপিএস বেড়েছে ৩৭ শতাংশ

মূলধন কাঠামো পুনর্গঠন, অর্থায়ন ব্যয় কমানো এবং কার্যকরী মূলধন ব্যবস্থাপনায় উন্নতির সুফল পাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি। চলতি ২০২৬-২৭ হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৭ শতাংশ বেড়েছে। একই সঙ্গে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ বেড়েছে প্রায় ৭৪ শতাংশ। বেড়েছে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যও।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে রেনাটার সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ৮ টাকা ৮৭ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৬ টাকা ৪৭ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা প্রায় ৩৭ শতাংশ।

আয়ের পাশাপাশি পরিচালন নগদ প্রবাহেও বড় ধরনের উন্নতি হয়েছে। চলতি প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৯৮ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১২ টাকা ৬২ পয়সা। ফলে এ সূচকে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৭৪ শতাংশ।

অন্যদিকে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩৯ টাকা ৩১ পয়সা। ৩০ জুন শেষে যা ছিল ৩২৯ টাকা ১৯ পয়সা। অর্থাৎ তিন মাসে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়েছে ১০ টাকা ১২ পয়সা।

আর্থিক সূচকগুলোর এই উন্নতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে রেনাটা জানিয়েছে, আগের বছরের একই প্রান্তিকের তুলনায় চলতি প্রান্তিকে গ্রুপের নিট মুনাফা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মূলত রাজস্ব বৃদ্ধি এবং নিট অর্থায়ন ব্যয় কমে আসায় মুনাফায় এ প্রবৃদ্ধি হয়েছে।

কোম্পানিটির ভাষ্য অনুযায়ী, মূলধন কাঠামো পুনর্গঠনের বিভিন্ন উদ্যোগ এবং বৈদেশিক মুদ্রা বিনিময় হার ও সুদের হারের ঝুঁকি বিচক্ষণতার সঙ্গে ব্যবস্থাপনার ফলে নিট অর্থায়ন ব্যয় কমেছে। এতে মুনাফা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়েছে।

এদিকে, বছরওয়ারি কোম্পানিটির সাধারণ শেয়ারের সংখ্যা অপরিবর্তিত ছিল। ফলে নিট মুনাফা বৃদ্ধির সরাসরি প্রতিফলন ঘটেছে শেয়ারপ্রতি আয়ে। অর্থাৎ নতুন শেয়ার ইস্যু করে মূলধন না বাড়ায় মুনাফার প্রবৃদ্ধি ইপিএসে আরও স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

পরিচালন নগদ প্রবাহ বৃদ্ধির পেছনেও কয়েকটি কারণ তুলে ধরেছে কোম্পানিটি। এর মধ্যে রয়েছে পরিচালন মুনাফা বৃদ্ধি এবং কার্যকরী মূলধনের অনুকূল পরিবর্তন। বিশেষ করে মজুত পণ্যে আটকে থাকা নগদ অর্থের পরিমাণ কমে আসা এবং বাণিজ্যিক ও অন্যান্য প্রদেয় হিসাবের অনুকূল পরিবর্তন নগদ প্রবাহ বাড়াতে সহায়তা করেছে।

তবে বাণিজ্যিক ও অন্যান্য প্রাপ্য হিসাবের পেছনে নগদ অর্থের ব্যবহার বেড়ে যাওয়ায় এই ইতিবাচক প্রভাবের কিছুটা অংশ কমেছে।

সব মিলিয়ে রাজস্ব ও নিট মুনাফা বৃদ্ধি, অর্থায়ন ব্যয় হ্রাস এবং কার্যকরী মূলধন ব্যবস্থাপনায় দক্ষতার কারণে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে রেনাটার আর্থিক অবস্থানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বিশেষ করে আয় ও পরিচালন নগদ প্রবাহের প্রবৃদ্ধি কোম্পানিটির আর্থিক সক্ষমতায় ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

সর্বশেষ