সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এনার্জিপ্যাক পাওয়ারের। দিনটিতে কোম্পানিটির শেয়ারদর ১০ দশমিক ৮১ শতাংশ বেড়েছে। এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৯টির শেয়ারদর বেড়েছে ৫ শতাংশের বেশি।
ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ১০ দশমিক ৮১ শতাংশ বেড়ে ১৬ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি দর বৃদ্ধির শীর্ষ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মতিন স্পিনিং মিলস। কোম্পানিটির শেয়ারদর ১১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়ে ১২৭ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।
তৃতীয় স্থানে থাকা ডরিন পাওয়ার সিস্টেমসের শেয়ারদর বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৮০ শতাংশ। দিনশেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৩৮ টাকা ১০ পয়সায়।
দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেট্রো স্পিনিংয়ের ৯ দশমিক ৪১ শতাংশ, কাসেম ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ২৫ শতাংশ, রানার অটোমোবাইলসের ৭ দশমিক ৮৭ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৭ দশমিক ৪৮ শতাংশ এবং জেনারেশন ই-এর ৭ দশমিক ০৪ শতাংশ দর বেড়েছে।
এ ছাড়া পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের শেয়ারদর ৬ দশমিক ২৫ শতাংশ এবং আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে।
























