জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তিনি অনুষ্ঠানে অংশ নেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্য জানিয়েছেন।
৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ মেয়াদের এই অধিবেশনের সভাপতি হিসেবে খলিলুর রহমান দায়িত্ব পালন করছেন। অধিবেশনের মূল প্রতিপাদ্য—‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All’।
জাতিসংঘ সদর দপ্তরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও প্রতিনিধিদের সঙ্গে তিনি উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেন।
এবারের সাধারণ পরিষদের অধিবেশনে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। জাতিসংঘের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে ৮ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন উচ্চপর্যায়ের কার্যক্রমে অংশ নেবেন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও তাঁর দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচি রয়েছে।
এ ছাড়া আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর প্রথম ভাষণ হবে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
























