ঢাকা   শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, চেকপোস্টে কড়া তল্লাশি ও বাড়ানো হয়েছে টহল

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯:৫৯, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, চেকপোস্টে কড়া তল্লাশি ও বাড়ানো হয়েছে টহল

রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনার পর নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, উড়ালসড়ক ও রাজধানীর প্রবেশপথগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। সন্দেহজনক যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি। একই সঙ্গে বাড়ানো হয়েছে পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি।

শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরবাসীর সহযোগিতাও চেয়েছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রাজধানীর প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশদ্বারগুলোতে কড়া নজরদারি চলছে। মোটরসাইকেলসহ সন্দেহজনক যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে চেকপোস্ট ও পিকেট ডিউটি। পাশাপাশি চলছে বিশেষ অভিযান।

নাশকতা ও বড় ধরনের অপরাধ ঠেকাতে মাঠে রয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

এদিকে, ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় বিভিন্ন অভিযোগে ৪৭টি মামলা হয়েছে।

অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০টি গুলি, তিনটি চাপাতি, পাঁচটি চাকু ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৫৩টি লোহার পেরেক, ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭টি ইয়াবা, ১২১ দশমিক ৩ গ্রাম হেরোইন, তিন বোতল বিদেশি মদ, ২০টি বিয়ার, একটি প্রাইভেট কার, পাঁচটি মুঠোফোন ও নগদ ৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় এখন পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

শনিবার সকাল থেকেই রাজধানীর শাহবাগ, বিজয় সরণি ও ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় পুলিশের চেকপোস্ট ও তল্লাশি জোরদার করতে দেখা গেছে। গাড়ি, মোটরসাইকেল ও সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। কোনো কোনো এলাকায় অটোরিকশা থামিয়ে যাত্রীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের পাশাপাশি নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্ট, তল্লাশি এবং রোবাস্ট ও মোটরসাইকেল প্যাট্রোলিং বাড়ানো হয়েছে। জনবহুল এলাকা, গুরুত্বপূর্ণ স্থাপনা, কেপিআই এবং প্রধান সড়কগুলোতে বিশেষ নজরদারি চলছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনেও তল্লাশি করা হচ্ছে।

এর আগে শুক্রবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর অন্তত ৯টি এলাকায় ১৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে কাফরুল থানার সামনে একটি ফাঁকা বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় ককটেল বিস্ফোরণে ইবাদুর রহমান নামে এক অটোরিকশাচালক আহত হন।

ঘটনাগুলোর পর বিভিন্ন থানায় মামলা হলেও এসব বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শুক্রবার জুমার নামাজের পর মালিবাগের সোহাগ বাস কাউন্টারের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে, সাড়ে ছয়টার দিকে মহাখালী এলাকায়, রাত আটটার দিকে বাবুবাজার ব্রিজের নিচে এবং রাত নয়টার দিকে মগবাজার মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটে।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। কিছুক্ষণ পর যাত্রাবাড়ী চৌরাস্তার ট্রাফিক পুলিশ বক্সের সামনে আরও তিনটি বিস্ফোরণ ঘটে। এতে আহত হন অটোরিকশাচালক ইবাদুর রহমান।

রাত ১১টার দিকে রামপুরার বিটিভি ভবনের সামনে দুটি এবং রাত ১২টার দিকে নিউমার্কেট এলাকার ঢাকা কলেজের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর আগে গত মঙ্গলবার জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ের কয়েক ঘণ্টা পর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে।

সর্বশেষ