রাজধানীতে স্কুল চলাকালে তীব্র যানজট কমাতে কার্যকর সমাধান খুঁজতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে শিক্ষামন্ত্রণালয়কে দ্রুত প্রস্তাবনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বৈঠকে রাজধানীতে স্কুল সময়ের যানজট পরিস্থিতি এবং তা নিরসনের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, স্কুল সময়ের যানজট কীভাবে কমানো যায়—এ বিষয়ে বিকল্প ব্যবস্থা নির্ধারণ করে প্রস্তাব আকারে উপস্থাপন করতে বলা হয়েছে মন্ত্রণালয়কে।
উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়, রাজধানীর একটি স্কুলে প্রায় ১৫০ শিক্ষার্থীর জন্য ১০০টি গাড়ি স্কুলের সামনে জড়ো হয়, যা তীব্র যানজটের সৃষ্টি করে। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি বাড়ছে।
সম্ভাব্য সমাধানের দিকনির্দেশনা:
- স্কুলভিত্তিক পরিবহন ব্যবস্থার উন্নয়ন
- নির্দিষ্ট ড্রপ-অফ/পিক-আপ জোন নির্ধারণ
- ভিন্ন ভিন্ন সময়সূচিতে ক্লাস পরিচালনা
- ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে শেয়ার্ড ট্রান্সপোর্টে উৎসাহ
শিক্ষামন্ত্রণালয়কে এই সমস্যা সমাধানে বাস্তবসম্মত ও কার্যকর প্রস্তাব তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।























