সাকিব আল হাসান
শেয়ারবাজারে কথিত কারসাজি, প্রতারণা ও অর্থপাচারের অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।
রোববার (২৭ জুলাই) ঢাকার জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে না পারায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সময়ের আবেদন করলে আদালত নতুন এ দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কর্মকর্তা আক্কাস আলী।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্তরা পরিকল্পিতভাবে শেয়ারবাজারে জল্পনামূলক লেনদেন পরিচালনা, গুজব ছড়িয়ে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা এবং জুয়াসদৃশ কার্যক্রমের মাধ্যমে বাজারে কৃত্রিম প্রভাব সৃষ্টি করেছেন। এছাড়া নিজেদের নিয়ন্ত্রণাধীন বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব ব্যবহার করে একাধিক সন্দেহজনক লেনদেনের মাধ্যমে ব্যক্তিগত সুবিধা নেওয়ারও অভিযোগ আনা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, এসব কর্মকাণ্ডের কারণে সাধারণ বিনিয়োগকারীরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অভিযোগ অনুযায়ী, কারসাজির ফলে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মোট ক্ষতির পরিমাণ ২৫৬ কোটি ৯৭ লাখ টাকা।
























