ঢাকা   বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত মজুরি বাড়ল

অর্থ ও বাণিজ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪:৪৮, ২৫ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত মজুরি বাড়ল

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অপারেটর পদের দ্বিতীয় গ্রেডে মজুরি বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা। এতে এ গ্রেডের মোট মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার টাকা।

অন্যদিকে, জুনিয়র অপারেটর পদের তৃতীয় গ্রেডে মজুরি নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। আগে এ গ্রেডে মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। ফলে এ গ্রেডে মজুরি বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা।

রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে গতকাল মঙ্গলবার বেলা সোয়া ৩টায় বোর্ডের চতুর্থ দিনের সভা শুরু হয়। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা শেষ হয় দিবাগত রাত দেড়টার দিকে। পরে বোর্ডের একাধিক সদস্য নতুন মজুরিকাঠামোর বিষয়টি নিশ্চিত করেন।

সিদ্ধান্ত অনুযায়ী, শ্রমিকদের নতুন মজুরিকাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

মজুরি নির্ধারণের বৈঠকে একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। তবে উভয়পক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত মালিকপক্ষ তাদের প্রস্তাব কমিয়ে ১৬ হাজার টাকা করে।

এ অবস্থায় ভোটাভুটির সিদ্ধান্ত নেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। বোর্ডের ছয় সদস্য ভোট দেন। এতে শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। অন্য চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে ভোটাভুটিতে শেষ পর্যন্ত ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি চূড়ান্ত হয়।

বৈঠক শেষে ভোররাত ৪টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মজুরি বোর্ডের চেয়ারম্যান। তিনি জানান, মোট মজুরির মধ্যে মূল বেতন কত হবে এবং বাড়িভাড়া কত নির্ধারণ করা হবে, তা চূড়ান্ত করতে আজ বুধবার বোর্ডের আরেকটি সভা অনুষ্ঠিত হবে।

ফলে নতুন মজুরিকাঠামোয় মোট বেতন নির্ধারণের পাশাপাশি মূল বেতন ও অন্যান্য ভাতার বিভাজনও চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে।