শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্ট মিলস পিএলসির আর্থিক অবস্থায় এখনো কাটেনি সংকট। তারল্য সংকট, ব্যাংকঋণ পুনঃতফসিল, এলসি খোলায় সীমাবদ্ধতা, উৎপাদন বন্ধ থাকা, মজুত পণ্যের হিসাব এবং পাওনা আদায় নিয়ে একাধিক আপত্তি তুলেছেন নিরীক্ষক। এমনকি কোম্পানিটির ব্যবসা অব্যাহত রাখার সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে সংকট কাটাতে ব্যাংকগুলোর কাছে ১০ বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনা জমা দিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত নিরীক্ষা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস প্রতিষ্ঠান টি. হুসেইন অ্যান্ড কোম্পানি মেঘনা সিমেন্টের ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী নিরীক্ষা করেছে। প্রতিষ্ঠানটির অংশীদার মোহাম্মদ আবু কাওসার এফসিএ নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিবেদনে শর্তযুক্ত মতামতের পাশাপাশি ‘এমফাসিস অব ম্যাটার’ এবং ‘আদার ম্যাটারস’ অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে।
নিরীক্ষকের পর্যবেক্ষণ অনুযায়ী, তারল্য সংকটের কারণে ব্যাংকগুলো কোম্পানিটির ঋণ পুনঃতফসিল এবং প্রধান কাঁচামাল আমদানির জন্য এলসি খোলার ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করে। এর ফলে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে কোম্পানিটির নিজস্ব উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে চুক্তিভিত্তিক উৎপাদন বা টোল ম্যানুফ্যাকচারিং ব্যবস্থা চালু করে কোম্পানিটি।
এ ব্যবস্থায় ২০২৬ অর্থবছরে আয় হয়েছে ২২ কোটি ৬৬ লাখ ১৩ হাজার ৪৩৫ টাকা। আগের অর্থবছরে এ আয় ছিল ২৭ কোটি ৫২ লাখ ৯৩ হাজার ৯১৯ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে চুক্তিভিত্তিক উৎপাদন থেকে আয় কমেছে।
কোম্পানিটির আর্থিক দুর্বলতার চিত্র আরও স্পষ্ট হয়েছে বিভিন্ন সূচকে। আলোচ্য অর্থবছরে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক ৩ টাকা ৮৭ পয়সা। চলতি অনুপাত ০.৮৫, দ্রুত অনুপাত ০.৬১ এবং ঋণ পরিশোধ সক্ষমতার অনুপাত ঋণাত্মক ০.৮০। এসব সূচক কোম্পানিটির তারল্য ও ঋণ পরিশোধের সক্ষমতায় বড় ধরনের চাপের ইঙ্গিত দিচ্ছে। নিরীক্ষকের মতে, এ পরিস্থিতিতে কোম্পানির ব্যবসা অব্যাহত রাখার সক্ষমতা নিয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মূল্যায়ন যথেষ্ট সমর্থনযোগ্য নয়।
মজুত পণ্যের হিসাবেও বড় আপত্তি
নিরীক্ষা প্রতিবেদনে মজুত পণ্যের হিসাব নিয়েও গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির মজুত পণ্যের পরিমাণ ছিল ১১১ কোটি ৪ লাখ ১৭ হাজার ১৪০ টাকা। আগের অর্থবছরে যা ছিল ১১৮ কোটি ২৩ লাখ ৪৮ হাজার ১০৩ টাকা।
নিরীক্ষক জানান, ২০২৬ সালের ১ ও ২ জুলাই ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে সরেজমিনে মজুত পণ্য যাচাই করা হয়। এ সময় গুদাম ও উৎপাদনস্থলে থাকা পণ্যের সঙ্গে গণনাসংক্রান্ত নথি মিলিয়ে দেখা হলেও অধিকাংশ ক্ষেত্রে বাস্তব মজুতের সঙ্গে নথির মিল পাওয়া যায়নি।
এ ছাড়া ২০২৫ সালের মাঝামাঝি সময়ে নিজস্ব উৎপাদন বন্ধ হওয়ার পর চুক্তিভিত্তিক উৎপাদন শুরু হলেও অধিকাংশ কাঁচামাল অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এসব কাঁচামালের মেয়াদ শেষ হয়ে যাওয়া কিংবা ব্যবহার অনুপযোগী হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু সম্ভাব্য ক্ষতির বিপরীতে কোনো সমন্বয় করেনি কোম্পানিটি।
অন্যদিকে, আলোচ্য সময়ে নতুন করে কোনো কাঁচামাল কেনা হয়নি। ফলে ক্রয়সংক্রান্ত হিসাবের সময়সীমাও যাচাই করতে পারেননি নিরীক্ষক। এসব কারণে মজুত পণ্য ও সংশ্লিষ্ট আর্থিক হিসাবে কোনো সমন্বয় প্রয়োজন কি না, তা নির্ধারণ করা সম্ভব হয়নি।
৭৩ কোটি টাকার পাওনা আদায় নিয়েও উদ্বেগ
কোম্পানিটির পাওনা হিসাবের পরিমাণ ২০২৬ সালের ৩০ জুন শেষে দাঁড়িয়েছে ৭৩ কোটি ১৫ লাখ ৬৪ হাজার ৪৮৯ টাকা। আগের অর্থবছর শেষে যা ছিল ৭৬ কোটি ১১ লাখ ১৬ হাজার ২৩২ টাকা।
নিরীক্ষক জানান, পাওনার স্থিতি নিশ্চিত করার প্রক্রিয়া ও হিসাবের সময়সীমা যাচাই করা হলেও আগের বছরের পাওনার উল্লেখযোগ্য অংশ আদায় হয়নি। অথচ অনাদায়ী পাওনার বিপরীতে কোনো সন্দেহজনক ঋণের সংস্থান বা প্রভিশন রাখেনি কোম্পানিটি। বিষয়টি আর্থিক বিবরণীর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
১০ বছরে ২ হাজার ১২৫ কোটি টাকা গড় টার্নওভারের লক্ষ্য
কোম্পানিটির ভবিষ্যৎ ব্যবসার ধারাবাহিকতা অনেকাংশে ব্যাংকঋণ পুনঃতফসিলের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন নিরীক্ষক। প্রতিবেদনের ‘এমফাসিস অব ম্যাটার’ অংশে বলা হয়েছে, ঋণ পুনঃতফসিল সফল না হলে এবং পরিচালন নগদ প্রবাহের উন্নতি না ঘটলে কোম্পানিটির ব্যবসা অব্যাহত রাখা কঠিন হতে পারে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর ব্যবসা পুনরুদ্ধার পরিকল্পনার অংশ হিসেবে ব্যাংকগুলোর কাছে ১০ বছর মেয়াদি একটি সম্ভাব্যতা সমীক্ষা জমা দেয় মেঘনা সিমেন্ট। এতে আগামী ১০ বছরে গড়ে ২ হাজার ১২৫ কোটি টাকা টার্নওভার এবং ১.৩৫ ঋণ পরিশোধ সক্ষমতার অনুপাত অর্জনের পূর্বাভাস দেওয়া হয়েছে।
একই সঙ্গে কোম্পানিটির শ্রেণিকৃত সব ঋণ পুনঃতফসিলের প্রস্তাব করা হয়েছে। ব্যাংকগুলো বর্তমানে সমীক্ষাটি পর্যালোচনা করছে। কোম্পানির দাবি অনুযায়ী, শ্রেণিকৃত ঋণ নিয়মিতকরণ ও পুনঃতফসিলের বিষয়ে ব্যাংকগুলোর ইতিবাচক মনোভাব রয়েছে।
তবে আর্থিক বিবরণী অনুমোদনের সময় পর্যন্ত ঋণ পুনঃতফসিলের চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়নি। ফলে ২০২৬ সালের ৩০ জুন তারিখে ঋণের স্থিতিতে কোনো পরিবর্তন আনা হয়নি। ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা চূড়ান্ত হলে পরবর্তী আর্থিক প্রতিবেদনে প্রয়োজনীয় সমন্বয় বা তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।
গ্র্যাচুইটি তহবিল নিয়েও আপত্তি
এদিকে, কোম্পানিটির কর্মীদের গ্র্যাচুইটি তহবিল নিয়েও আপত্তি তুলেছেন নিরীক্ষক। দীর্ঘদিন ধরে তহবিল পরিচালনা করা হলেও অর্থ আইন ২০২০ অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি। পাশাপাশি তহবিলের কোনো অ্যাকচুয়ারিয়াল মূল্যায়নও করা হয়নি।
উল্লেখ্য, মেঘনা সিমেন্টের ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণীও একই নিরীক্ষক প্রতিষ্ঠান নিরীক্ষা করেছিল। ওই বছরের ২৮ অক্টোবর নিরীক্ষক পরিবর্তিত মতামত দিয়েছিলেন বলে চলতি প্রতিবেদনের ‘আদার ম্যাটারস’ অংশে উল্লেখ করা হয়েছে।
সব মিলিয়ে ১০ বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনা হাতে নিলেও মেঘনা সিমেন্টের সামনে এখন বড় চ্যালেঞ্জ ব্যাংকঋণ পুনঃতফসিল, উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধার, নগদ প্রবাহ বাড়ানো এবং আর্থিক হিসাবের স্বচ্ছতা নিশ্চিত করা। ব্যাংকগুলোর সঙ্গে ঋণ পুনঃতফসিলের আলোচনা কতটা সফল হয়, তার ওপরই অনেকাংশে নির্ভর করছে কোম্পানিটির ভবিষ্যৎ।
























