ঢাকা   বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের আর্থিক প্রতিবেদনে দুই আপত্তি, ২০ কোটি টাকা আটকে তিন ব্যাংকে

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৯, ২৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের আর্থিক প্রতিবেদনে দুই আপত্তি, ২০ কোটি টাকা আটকে তিন ব্যাংকে

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে দুটি বিষয়ে শর্তযুক্ত নিরীক্ষা মতামত দিয়েছেন নিরীক্ষক। বিটিসিএলের কাছে ১২ কোটি ৪১ লাখ টাকা পাওনা দেখানো এবং অগ্রিম ভ্যাট ও প্রদেয় ভ্যাটের হিসাবে অসংগতি নিয়ে আপত্তি তুলেছেন তিনি। পাশাপাশি অস্তিত্বহীন পেনশন তহবিল, সরকারি ইক্যুইটির ১৫৬ কোটি ৯৩ লাখ টাকা শেয়ার মূলধনে রূপান্তর না করা এবং তিনটি ব্যাংকে আটকে থাকা ২০ কোটি ৩৭ লাখ টাকার বেশি স্থায়ী আমানত নিয়েও উদ্বেগ জানিয়েছেন নিরীক্ষক।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত নিরীক্ষা প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস প্রতিষ্ঠানের নিরীক্ষায় ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদনে দুটি বিষয়ে শর্তযুক্ত মতামত দেওয়া হয়েছে।

বিটিসিএলের কাছে ১২ কোটি ৪১ লাখ টাকা পাওনা নিয়ে প্রশ্ন

নিরীক্ষা প্রতিবেদনের প্রথম আপত্তি বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কাছে পাওনা হিসেবে দেখানো ১২ কোটি ৪১ লাখ টাকা নিয়ে।

কোম্পানির আর্থিক প্রতিবেদনের ৯.২ নম্বর নোট অনুযায়ী, ভ্যাটের সুদ বাবদ বিটিসিএলের কাছে এ অর্থ পাওনা রয়েছে। নিরীক্ষার সময় বিলম্বে ভ্যাট পরিশোধের কারণে কোম্পানিটির ওপর ১৫ কোটি ৭২ লাখ ৭৬ হাজার ৯৩২ টাকা দাবি আরোপ করা হয়েছিল। এর মধ্যে ২০২৪ অর্থবছরে কোম্পানিটি সরকারি কোষাগারে ১২ কোটি ৪১ লাখ টাকা পরিশোধ করে এবং পুরো অর্থ বিটিসিএলের কাছে পাওনা হিসেবে দেখায়। বাকি ৩ কোটি ৩১ লাখ ৭৬ হাজার ৯৩২ টাকা সম্ভাব্য দায় হিসেবে উল্লেখ করা হয়।

তবে নিরীক্ষকের পর্যবেক্ষণ অনুযায়ী, বিটিসিএলকে চিঠি দিয়ে অর্থ দাবি করা হলেও প্রতিষ্ঠানটি লিখিতভাবে এ দায় গ্রহণ করেনি। ফলে সংশ্লিষ্ট অর্থের দায় বিটিসিএলের কাছে যথাযথভাবে স্থানান্তরিত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

নিরীক্ষকের মতে, বিটিসিএলের লিখিত সম্মতি ছাড়া ১২ কোটি ৪১ লাখ টাকা পাওনা হিসেবে দেখানোর যথেষ্ট ভিত্তি নেই। এ অর্থ ব্যয় হিসেবে স্বীকৃতি দেওয়া হলে ২০২৪ অর্থবছরে কোম্পানিটির মুনাফা ও সম্পদ সমপরিমাণ কমে যেত। ফলে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির সংরক্ষিত আয় এবং চলতি সম্পদ উভয়ই ১২ কোটি ৪১ লাখ টাকা বেশি দেখানো হয়েছে। পাশাপাশি অর্থ আদায়ের অনিশ্চয়তা থাকা সত্ত্বেও এ অর্থের বিপরীতে কোনো প্রভিশন রাখা হয়নি।

ভ্যাটের হিসাবেও বড় অসংগতি

নিরীক্ষকের দ্বিতীয় আপত্তি অগ্রিম ভ্যাট ও প্রদেয় ভ্যাটের হিসাব নিয়ে।

২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে অগ্রিম ভ্যাট হিসেবে ৮৯ লাখ ৫২ হাজার ১১৫ টাকা দেখানো হয়েছে। অথচ একই সময়ের ভ্যাট রিটার্নে ১ কোটি ৯২ লাখ ১১ হাজার ৬১৬ টাকা নিট ভ্যাট প্রদেয় হিসেবে উল্লেখ রয়েছে।

নিরীক্ষকের মতে, আর্থিক প্রতিবেদনে দেখানো ভ্যাটের হিসাবের সঙ্গে ভ্যাট রিটার্নের উল্লেখযোগ্য অসংগতি রয়েছে। এ কারণে বিষয়টি শর্তযুক্ত মতামতের ভিত্তি হয়েছে।

অস্তিত্ব নেই, তবু পেনশন তহবিলে ১ কোটি ৩৮ লাখ টাকা

নিরীক্ষা প্রতিবেদনের বিশেষ গুরুত্বের অংশে কোম্পানিটির কর্মীদের পেনশন তহবিল নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি দীর্ঘদিন ধরে কর্মীদের পেনশন তহবিল হিসেবে ১ কোটি ৩৮ লাখ ৮ হাজার ৯৫২ টাকা আর্থিক বিবরণীতে দেখিয়ে আসছে। অথচ বাস্তবে এ ধরনের কোনো পেনশন তহবিলের অস্তিত্ব নেই।

এ ছাড়া বিভিন্ন আইনি কার্যক্রম ও রাজস্ব কর্তৃপক্ষের সঙ্গে বিরোধে জড়িত রয়েছে কোম্পানিটি। এর মধ্যে ২০১১-১২ কর নির্ধারণী বছরের ২ কোটি ৫২ লাখ ৪০ হাজার ৬৩৯ টাকার একটি দাবি বর্তমানে হাইকোর্ট বিভাগের আপিল পর্যায়ে রয়েছে।

অন্যদিকে, ২০১৩-১৪ থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত ভ্যাটের সুদ বাবদ ভ্যাট কর্তৃপক্ষ আরও ৩ কোটি ৩২ লাখ টাকার দাবি তুলেছে। কোম্পানি কর্তৃপক্ষ এসব বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে বলে নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১৫৬ কোটি টাকার সরকারি ইক্যুইটি এখনো শেয়ার মূলধনে রূপান্তর হয়নি

কোম্পানিটির সরকারি ইক্যুইটি অর্থের হিসাব নিয়েও বিশেষ গুরুত্ব দিয়েছেন নিরীক্ষক।

প্রতিবেদনে বলা হয়েছে, টেলিযোগাযোগ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকারের কাছ থেকে ২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থবছরে ১৬৬ কোটি টাকা এবং ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে আরও ১৫৬ কোটি ৯৩ লাখ ৪৭ হাজার টাকা পেয়েছে কোম্পানিটি। এসব অর্থের মধ্যে আঞ্চলিক সাবমেরিন টেলিযোগাযোগ প্রকল্প (এসএমডব্লিউ-৫) এবং তৃতীয় সাবমেরিন ক্যাবল প্রকল্প (এসএমডব্লিউ-৬) বাস্তবায়নের অর্থ রয়েছে।

নিরীক্ষকের ভাষ্য অনুযায়ী, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) ২০২০ সালের ১১ ফেব্রুয়ারির প্রজ্ঞাপন অনুসারে, শেয়ার মানি ডিপোজিট গ্রহণের ছয় মাসের মধ্যে তা শেয়ার মূলধনে রূপান্তর করতে হয়।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চূড়ান্ত অনুমোদনের পর ১৬৫ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৭৫ টাকা শেয়ার মূলধনে রূপান্তর করা হয়েছে।

তবে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত অবশিষ্ট ১৫৬ কোটি ৯৩ লাখ ৪৭ হাজার ২৫ টাকা শেয়ার মূলধনে রূপান্তর করা হয়নি। এ অর্থ এখনো আর্থিক প্রতিবেদনে ইক্যুইটির মধ্যে ‘সরকারের কাছ থেকে পাওয়া ইক্যুইটি অর্থ’ হিসেবে দেখানো হচ্ছে।

তিন ব্যাংকে আটকে ২০ কোটি ৩৭ লাখ টাকার আমানত

এদিকে, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকে রাখা কোম্পানিটির স্থায়ী আমানত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন নিরীক্ষক।

কোম্পানির আর্থিক প্রতিবেদনের ১৫ নম্বর নোট অনুযায়ী, এই তিন ব্যাংকে সুদসহ মোট ২০ কোটি ৩৭ লাখ ৮১ হাজার ১৩৩ টাকার স্থায়ী আমানত রয়েছে।

নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ব্যাংক রেজল্যুশন অর্ডিন্যান্স, ২০২৫-এর ১৫ ধারা অনুযায়ী এসব ব্যাংককে অকার্যকর বা নন-ভায়াবল ঘোষণা করেছে। পরবর্তী সময়ে ২০২৬ সালের ৯ আগস্ট সংশোধিত ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫ অনুসারে এসব ব্যাংকের সম্পদ ও দায় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে স্থানান্তর করা হয়েছে।

স্কিম অনুযায়ী, কোম্পানিটির আমানতের একটি অংশ সম্মিলিত ইসলামী ব্যাংকের ‘ক্লাস-সি’ শেয়ারে রূপান্তর করা হবে। অবশিষ্ট অর্থ ব্যাংক রেটের চেয়ে ১ শতাংশ কম সরল মুনাফার হারে পাঁচ বছর মেয়াদি আমানত হিসেবে রাখা হবে। ফলে নির্ধারিত মেয়াদপূর্তির আগে এসব অর্থ উত্তোলন করা সম্ভব হবে না।

নিরীক্ষকের মতে, আমানতের কত অংশ শেয়ারে রূপান্তরিত হবে এবং অবশিষ্ট অর্থের ক্ষেত্রে নতুন শর্ত কীভাবে কার্যকর হবে, তা এখনো চূড়ান্ত নয়। ফলে এসব বিনিয়োগের বহনমূল্যের ওপর সম্ভাব্য প্রভাবও নির্ধারণ করা সম্ভব হয়নি।

সবশেষে নিরীক্ষক জানিয়েছেন, পেনশন তহবিল, আইনি জটিলতা, সরকারি ইক্যুইটি অর্থ এবং তিন ব্যাংকে আটকে থাকা আমানতসংক্রান্ত বিষয়গুলো বিশেষ গুরুত্বের সঙ্গে তুলে ধরা হলেও এসব কারণে তাঁর নিরীক্ষা মতামত পরিবর্তিত হয়নি।

অন্যদিকে, বিটিসিএলের কাছে পাওনা এবং ভ্যাটের হিসাবসংক্রান্ত দুটি আপত্তির ভিত্তিতেই বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত নিরীক্ষা মতামত দেওয়া হয়েছে।