ঢাকা   বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

টানা দুই দিন বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ২ হাজার ৮৫৮ টাকা

অর্থ ও বাণিজ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪:৪৩, ২৫ নভেম্বর ২০২৬

টানা দুই দিন বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ২ হাজার ৮৫৮ টাকা

টানা দুই দিন বাড়ার পর দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ২ হাজার ৮৫৭ টাকা ৬৮ পয়সা। এর আগে দুই দিনে এই মানের স্বর্ণের দাম বেড়েছিল সর্বোচ্চ ৪ হাজার ৭২৪ টাকা। বিশ্ববাজারে স্বর্ণের দরপতন এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (২৫ নভেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় মূল্য সমন্বয় করা হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দরপতন এ সিদ্ধান্তের অন্যতম কারণ।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।

এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। ২১ ক্যারেটের ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।

অর্থাৎ আগের দরের তুলনায় ২২ ক্যারেটে ভরিতে কমেছে ২ হাজার ৮৫৭ টাকা ৬৮ পয়সা। ২১ ক্যারেটে কমেছে ২ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৩৩২ টাকা ৮০ পয়সা এবং সনাতন পদ্ধতির স্বর্ণে কমেছে ১ হাজার ৮৬৬ টাকা ২৪ পয়সা।

উল্লেখ্য, এর আগে টানা কয়েক দফা স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। গত শনিবার প্রায় ১৩ মাস পর দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ লাখ টাকার নিচে নেমে আসে। সেদিন দাম দাঁড়ায় ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। মোট ৯ দফায় স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ৩৪ হাজার ৬৯০ টাকা কমানো হয়েছিল। এরপর টানা দুই দিন দাম বাড়ানো হয়।

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

এদিকে, চলতি সপ্তাহের শুরুতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়লেও মঙ্গলবার থেকে আবার কমতে শুরু করেছে। নিউইয়র্কের সময় অনুযায়ী, মঙ্গলবার প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৮০ শতাংশ বা ১০২ ডলার কমে ৩ হাজার ৫৫৫ ডলারে নেমে আসে।

এর আগে গত শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে প্রতি আউন্স ৩ হাজার ৫০২ দশমিক ৯৩ ডলারে দাঁড়ায়। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটিই ছিল সর্বনিম্ন দর। গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় ৯ শতাংশ কমেছে, যা আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।

বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম কমার পেছনে প্রধানত দুটি কারণ রয়েছে। প্রথমত, আগামী ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন ধারণা তৈরি হয়েছে বাজারে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মুদ্রাবাজারে শক্তিশালী হচ্ছে মার্কিন ডলার।

অন্যদিকে, বুধবার দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। ফলে স্বর্ণের দামে বড় পরিবর্তন এলেও রুপার বাজারে আপাতত কোনো পরিবর্তন আসেনি।