ঢাকা   বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের নতুন উদ্যোগ

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৪:৩০, ২৫ নভেম্বর ২০২৬

লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের নতুন উদ্যোগ

মধ্যপ্রাচ্যের বাজারে ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্যোগ নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। এ লক্ষ্যে লেবাননের একটি প্রতিষ্ঠানের সঙ্গে পাঁচ বছর মেয়াদি গ্লোবাল ডিস্ট্রিবিউটরশিপ চুক্তি এবং ইয়েমেনের আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে কোম্পানিটি।বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা ৫৩ মিনিটে এ-সংক্রান্ত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করেছে ওয়ালটন।

কোম্পানি সূত্রে জানা গেছে, লেবাননের আইন অনুযায়ী নিবন্ধিত এবং বৈরুতে কার্যালয় থাকা ফ্রিগো পাওয়ার ফর জেনারেল ট্রেডিংয়ের সঙ্গে এ ডিস্ট্রিবিউটরশিপ চুক্তি করেছে ওয়ালটন। চুক্তির আওতায় প্রতিষ্ঠানটিকে লেবাননে ওয়ালটনের পণ্যের অনুমোদিত পরিবেশক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

চুক্তি অনুযায়ী, ফ্রিগো পাওয়ার লেবাননের বাজারে ওয়ালটনের পণ্য বিক্রি, বিতরণ ও বিপণনের দায়িত্ব পালন করবে। চুক্তিটির মেয়াদ পাঁচ বছর। উভয় পক্ষের সম্মত শর্ত অনুযায়ী এটি কার্যকর থাকবে।

অন্যদিকে, ইয়েমেনের আইন অনুযায়ী নিবন্ধিত এবং এডেনে কার্যালয় থাকা মোহাম্মদ আবদুল্লাহ আল-ইজ্জি ফর ইমপোর্টের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ওয়ালটন।

কোম্পানির তথ্যমতে, দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতামূলক ও পারস্পরিকভাবে লাভজনক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলাই এ সমঝোতার মূল উদ্দেশ্য। এর আওতায় একটি ব্যবসায়িক রোডম্যাপ বাস্তবায়ন করা হবে। যেখানে নিরবচ্ছিন্ন পণ্য ক্রয়, বিপণন, মানসম্মত গ্রাহকসেবা এবং পণ্যের প্রচারের বিষয়গুলো গুরুত্ব পাবে।

এসব উদ্যোগের মাধ্যমে লেবানন ও ইয়েমেনের বাজারে ওয়ালটন ব্র্যান্ডের পরিচিতি, পণ্যের বিপণন এবং ব্যবসায়িক উপস্থিতি বাড়ানোর লক্ষ্য নিয়েছে কোম্পানিটি।

তবে প্রকাশিত পিএসআইতে চুক্তি ও সমঝোতা স্মারকের কোনো আর্থিক মূল্য, সম্ভাব্য পণ্য সরবরাহের পরিমাণ কিংবা রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা উল্লেখ করা হয়নি। এমনকি ইয়েমেনের সঙ্গে সমঝোতার আওতায় নির্দিষ্ট পরিমাণ পণ্য কেনার বাধ্যবাধকতা রয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি। ফলে নতুন এ উদ্যোগ থেকে কোম্পানিটির সম্ভাব্য আয় ও মুনাফায় কী পরিমাণ প্রভাব পড়বে, তা এখনই নির্ধারণ করা যাচ্ছে না।