ঢাকা   বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

ইপিজেডের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৩,৫৩০ টাকা করার প্রস্তাব, ঢাকায় ১৬,৬০৫

অর্থ ও বাণিজ্য

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১:৫১, ১৯ নভেম্বর ২০২৬

সর্বশেষ

ইপিজেডের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৩,৫৩০ টাকা করার প্রস্তাব, ঢাকায় ১৬,৬০৫

দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেডের শ্রমিকদের জন্য অঞ্চলভেদে পৃথক ন্যূনতম মজুরিকাঠামোর প্রস্তাব দিয়েছেন বিনিয়োগকারীরা। প্রস্তাবে সর্বনিম্ন মাসিক মজুরি ১৩ হাজার ৫৩০ টাকা এবং সর্বোচ্চ ১৬ হাজার ৬০৫ টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। অর্থাৎ একই প্রতিষ্ঠানের অধীনে বিভিন্ন ইপিজেডের শ্রমিকদের মজুরিতে থাকবে সর্বোচ্চ ৩ হাজার ৭৫ টাকার পার্থক্য।

বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশন—বেপজিয়া সম্প্রতি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের কাছে এই প্রস্তাব জমা দিয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেডের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি হবে ১৬ হাজার ৬০৫ টাকা। আদমজী ও কুমিল্লা ইপিজেডের জন্য প্রস্তাব করা হয়েছে ১৫ হাজার ২৫০ টাকা। আর উত্তরা, মোংলা ও ঈশ্বরদী ইপিজেডের শ্রমিকদের মজুরি নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে ১৩ হাজার ৫৩০ টাকা।

বিনিয়োগকারীদের যুক্তি, অঞ্চলভেদে জীবনযাত্রার ব্যয়, বাড়িভাড়া, খাদ্য ও যাতায়াত খরচে পার্থক্য রয়েছে। তাই সব ইপিজেডে একই মজুরিকাঠামো না রেখে তিনটি শ্রেণিতে ভাগ করে মজুরি নির্ধারণ করা উচিত।

এদিকে, বার্ষিক মজুরি বৃদ্ধির হার বর্তমান ৯ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করারও দাবি জানিয়েছে বেপজিয়া। সংগঠনটির মতে, নিয়মিত ৯ শতাংশ মজুরি বৃদ্ধির কারণে শিল্পপ্রতিষ্ঠানের পরিচালন ব্যয় বাড়ছে এবং নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে।

তবে বিনিয়োগকারীদের এই প্রস্তাব নিয়ে আপত্তি তুলেছে শ্রমিকপক্ষ। নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আক্তার বলেছেন, ইপিজেডের শ্রমিকদের মজুরি সাধারণ পোশাকশিল্পের শ্রমিকদের চেয়েও বেশি হওয়া উচিত। কারণ, এসব কারখানা পণ্যের বেশি দাম পায় এবং সরকারের কাছ থেকেও বিভিন্ন সুবিধা পেয়ে থাকে।

উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরে ইপিজেডের শ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় ১২ হাজার ৮০০ টাকা। বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে কাজ করছে মজুরি বোর্ড। শ্রমিকপক্ষ সেখানে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে। সেই সিদ্ধান্তের পরই মূলত ইপিজেডের শ্রমিকদের নতুন মজুরি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে ইপিজেডে আলাদাভাবে মজুরি নির্ধারণের উদ্যোগ নেওয়া হলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও উত্তেজনা তৈরি হতে পারে বলে সতর্ক করেছে শ্রমিকপক্ষ।

সর্বশেষ